ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর যাত্রাবাড়িতে শুক্রবার রাতে চাঁদাবাজির অভিযোগে আবুল আহম্মেদ নামে (৪৪) নামে এক হকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আবুল আহম্মেদ এলাকার ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে দৈনিক ৩০ টাকা আদায় করে পুলিশ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাকে দিতো বলে দাবি করেছে। তবে যাত্রাবাড়ি থানা পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে।
যাত্রাবাড়ি থানার সহকারি উপ-পরিদর্শক আব্দুস সালাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তারকৃত আবুল আহম্মেদের যাত্রাবাড়ি ওভারব্রিজের নিচে একটি ডিমের দোকান আছে। সে পুলিশ ও বিভিন্ন সংস্থাকে দেওয়ার কথা বলে প্রতিদিন আশেপাশের ফুটপাতের দোকানীদের কাছ থেকে দৈনিক ৩০ টাকা করে আদায় করতো।
উপ-পরিদর্শক আব্দুস সালাম বলেন, শুক্রবার থানার সামনের পান-সিগারেট বিক্রেতা আবু আলমের কাছে প্রতিদিন ৩০ টাকা করে দেওয়ার দাবি জানায় আবুল আহম্মেদ। আলম বিষয়টি থানায় জানালে পুলিশ আবুলকে আটক করে থানায় নিয়ে আসে। কিন্তু জিজ্ঞাসাবাদে আবুল কোন পুলিশ সদস্যকে টাকা দেন তার নাম বলতে পারেননি।
পরে আবু আলম বাদি হয়ে চাঁদাবাজির অভিযোগে আবুল আহম্মেদ এবং হকার শাহাদত, আবুল আলম ও জাহাঙ্গীর আলমকে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলার অন্য আসামিরা পলাতক রয়েছে।
এদিকে আবুলকে গ্রেপ্তারের পর কয়েকজন হকার দলবদ্ধ হয়ে থানায় এসে তাকে ছেড়ে দেওয়ার দাবি জানায়। তবে বেশ কিছুক্ষণ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীবের সঙ্গে আলোচনার পর তারা ফিরে যায়।
ওসি আহসান হাবীব বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "১০-১২ জন হকার থানায় এসে আবুল আহম্মেদকে ছেড়ে দেওয়ার জন্য তদবির করে। কিন্তু সুনির্দিষ্ট অভিযোগ থাকায় তাকে ছাড়া সম্ভব না।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এসকে/০২২৬ঘ.
bdnews24