ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর সদ্যপ্রয়াত স্ত্রী ফিরোজা হোসেনের মরদেহ ঢাকায় পৌছেছে। শুক্রবার রাত সাড়ে ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে তার মরদেহ ঢাকায় পৌছে।
বিমানবন্দরে লাশ গ্রহণের জন্য আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, সুরঞ্জিত সেনগুপ্ত ও সৈয়দ আশরাফুল ইসলামসহ স্বজনরা উপস্থিত ছিলেন।
শনিবার জোহরের নামাজের পর বায়তুল মোকাররম মসজিদে নামাজে জানাজা শেষে ফিরোজা হোসেনকে বনানী কবরস্থানে দাফন করা হবে। শুক্রবার আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ফিরোজা হোসেনের লাশ বিমানবন্দর থেকে সোজা ইস্কাটনের বাসায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তা বারডেমের মরচুয়ারিতে নিয়ে রাখার কথা।
বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান ফিরোজা হোসেন। দুই বছরেরও বেশি সময় ধরে তিনি ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।
ফিরোজা হোসেন নিঃসন্তান ছিলেন। তিনি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নিকটাত্মীয় ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসএম/এসকে/২৩৪৬ঘ.
bdnews24