ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- চট্টগ্রাম ও কুষ্টিয়ায় সোমবার সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে।
চট্টগ্রাম প্রতিনিধি জানান, চন্দনাইশ উপজেলার হাসিমপুরের কসাইপাড়া এলাকায় মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছে।
নিহতরা হলো, সাতকানিয়ার চরম্বা জামিয়া কোরানিয়া দারুল উলুম মাদ্রাসার শিক্ষক আব্দুল মান্নান ও অটোরিকশা চালক আব্দুল শুক্কর। চালক শুক্করের বাড়ি সাতকানিয়ার ঢেমশা ইউনিয়নে।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
তিনি জানান, অটোরিকশার চালক শুক্কুর ঘটনাস্থলেই মারা যান এবং আহত অটোরিকশার যাত্রীকে দোহাজারী হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।
কুষ্টিয়া প্রতিনিধি জানান, ভেড়ামারা-দৌলতপুর সড়কের সাতবাড়িয়া নামক স্থানে দ্রুতগামী ট্রাকের চাপায় জরিনা বেগম (৬০) নামে এক মহিলার মৃত্যু হয়েছে।
সে ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া গ্রামের সমির শেখের স্ত্রী।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ ছালেহ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, জরিনা বেগম চিকিৎসকের কাছ থেকে ঔষধ নিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় দ্রুতগামী ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-১৪-১৭৭০) জরিনাকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ঘটনার পরপরই ওই সড়কে যানবাহন চলাচল কিছুক্ষনের জন্য বন্ধ থাকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
ঘাতক ট্রাক ও চালক পালিয়ে গেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/আরএ/১৬১১ ঘ.
bdnews24