ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিচার বিভাগ পৃথক করার শুরুতে বিচারকদের ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি মো. রুহুল আমিন।
তিনি বলেন, "আগামী ১ নভেম্বর থেকে বিচার বিভাগ পৃথক হচ্ছে। বিচারকদের কার্যক্রমে এই পৃথককরণের যথার্থতার প্রমাণ রাখতে হবে। তা না হলে তাদের জনগণের জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। আমার প্রত্যাশা ও দাবি, আপনারা দায়িত্ব পালনের মধ্য দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করবেন। আমি বিশ্বাস করি, আপনারা তা পারবেন।"
সোমবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে ১৩৫ জন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের পরিচিতি সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে প্রধান বিচারপতি এ কথা বলেন।
প্রধান বিচারপতি বিচারকদের ধৈর্যশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, "এটি জাতির প্রত্যাশা। পৃথক্করণের সঙ্গে সঙ্গে পূর্বতন বিচারকদের চেয়ে ভালো কিছু জনগণকে উপহার দিতে হবে। যে কোনো কাজের শুরুতে কিছু সমস্যা থাকতে পারে। এক্ষেত্রে লোকবলের অভাবের কারণে বিচারকদের নির্ধারিত সময়ের বেশি সময় কাজ করতে হলে সেটাও করতে হবে।"
অনুষ্ঠানে আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন বলেন, ''রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতার কারণেই বিচার বিভাগ পৃথক করার বিষয়ে সুপ্রিম কোর্টকে ভূমিকা নিতে হয়েছে। বিচার বিভাগ পৃথক্করণের মাধ্যমে একটি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হচ্ছে। রাজনৈতিক নেতৃত্ব বিচার বিভাগ পৃথক করার উদ্যোগ নিলে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে কাজটি আরো ভালো ভাবে সম্পন্ন করা যেত।"
ব্যারিস্টার মইনুল বলেন, "বিচার বিভাগ পৃথক হচ্ছে মানে নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের মধ্যে ঐক্য থাকবে না- সেটা নয়। নির্বাহী বিভাগের প্রতি আস্থাহীনতা তৈরি হয়েছে বলে বিচার বিভাগ পৃথক হচ্ছে সেটাও নয়। বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের মধ্যে কোনো বৈরিতা নেই; তবে বিচার বিভাগ আলাদা না থাকায় সুশাসন সম্ভব হয়নি এবং শাসনতান্ত্রিকভাবে সেটা করার বাধ্যবাধকতাও রয়েছে।"
ইন্সটিটিউটের মহাপরিচালক বিচারপতি মো. হামিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিচারপতি এম এম রুহুল আমিন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএইচএস/এসএম/এএল/এমএ/এমআই/১৪০১ ঘ.
bdnews24