মৌলভীবাজার, অক্টোব ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কুলাউড়ায় বোরো ধানের বীজ সংগ্রহের লাইনে দাঁড়ানো নিয়ে হাতাহাতিকে কেন্দ্র করে রোববার পুলিশের লাঠিপেটায় অর্ধশতাধিক কৃষক আহত হয়েছে। এদের মধ্যে ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেছেন, বীজ সঙ্কটের কারণে এ ঘটনা ঘটেছে।
স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক চিকিৎসক আব্দুল হাই বেলাল জানান, আরব আলী (৮২), জিল্লু মিয়া (৩২),আবুল কালাম (৫৫), সাইফ উদ্দিন (২৫) ও নাদিম মাহমুদ (৬০) নামের পাঁচ কৃষক স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগে ভর্তি হয়েছে।
এছাড়া অনেকে স্থানীয় বিভিন্ন ফার্মেসীতে প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছে বলে জানিয়েছে এলাকাবাসী।
কৃষকরা জানায়, জেলার কুলাউড়া, বড়লেখা, রাজনগর, জুড়ী উপজেলা ছাড়াও সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে কয়েক হাজার কৃষক বীজধান সংগ্রহের জন্য রোববার সকাল থেকে কুলাউড়া উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) বীজ বিপণন কেন্দ্রে লাইনে দাঁড়ায়। সকাল ৯টার দিকে লাইনে দাঁড়ানো নিয়ে তাদের মধ্যে ধাক্কা-ধাক্কি ও হাতা-হাতি শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি সামাল দিতে বিএডিসি কর্তৃপক্ষ পুলিশ ডাকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কৃষকদের লাঠিপেটা করে। কিছুক্ষণ পর কৃষকরা আবার হাতাহাতি শুরু করলে পুলিশ আবারো লাঠিচার্জ করে। তিন ঘণ্টায় কুলাউড়া থানা পুলিশ চার দফা লাঠিচার্জ করে বলে কৃষকরা জানায়।
কুলাউড়া থানার উপ-পরিদর্শক আলতাফ হোসেন জানান, "বীজের সরবরাহের তুলনায় কৃষকের সংখ্যা বেশি। কিছু লোক লাইনে দাঁড়ানো নিয়ে ঝামেলা করেছিল। পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।"
লাঠিপেটার কথা স্বীকার করলেও ওই পুলিশ কর্মকর্তা দাবি করেন, কৃষকদের কেউ আহত হয়নি। তিনি বলেন, "লাঠিচার্জে কেউ আহত হয়নি। আহত হলে অবশ্যই থানায় আসতো।"
কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম সন্ধ্যায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বীজের কিছুটা সঙ্কট রয়েছে। ক্রেতার সংখ্যা বেশি থাকায় এ ঘটনা ঘটেছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/জেকে/০০২১ ঘ.
bdnews24