২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গা সীমান্তে আবারো বিএসএফের গুলি

বৃহস্পতিবারের পর শুক্রবার রাতেও দামুড়হুদা সীমান্তে বাংলাদেশ অভিমুখে ভারতীয় সীমান্তরক্ষীরা (বিএসএফ) গুলি ছুড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2007, 11:45 AM

Updated : 26 Aug 2022, 08:50 PM

চুয়াডাঙ্গা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বৃহস্পতিবারের পর শুক্রবার রাতেও দামুড়হুদা সীমান্তে বাংলাদেশ অভিমুখে ভারতীয় সীমান্তরক্ষীরা (বিএসএফ) গুলি ছুড়েছে। রাত ১১টার দিকে বাংলাদেশ সীমান্ত লক্ষ করে তারা দুই রাউন্ড গুলি চালায় বলে বিডিআর জানিয়েছে। ৩৫ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর মোতাহার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, "রাত ১১টার দিকে বারাদী সীমান্তের ওপারে বিএসএফের বিজয়পুর ক্যাম্প সদস্যরা পর পর দুই রাউন্ড গুলি ছোড়ে। সীমান্তের মেইন পিলার ৭৯/৮০ এর মাঝামাঝি পয়েন্টে এ গুলি বর্ষণ করা হয়।" তিনি আরও বলেন, "ঢাকায় বিডিআর-বিএসএফের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক চলাকালে বিএসএফ সদস্যদের এ আচরণ গ্রহণযোগ্য নয়।" শনিবার বিকেলে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে এর প্রতিবাদ জানানো হবে বলেও বিডিআর কর্মকর্তা জানান। সীমান্ত সমস্যা নিয়ে আলোচনায় বিএসএফ মহাপরিচালক আশিস কুমার মিত্র এখন বাংলাদেশে রয়েছেন। মানবাধিকার সংগঠন অধিকারের এক প্রতিবেদনে গত মঙ্গলবার জানানো হয়, সীমান্ত এলাকায় ২০০০ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত ৬৫৩ বাংলাদেশী বিএসএফের গুলিতে নিহত হয়েছে। এর মধ্যে চলতি বছরে এ পর্যন্ত নিহতের সংখ্যা ৯৪ জন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১৭৩৩ ঘ.