২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পর্নো ছবি তৈরির অভিযোগে তমাল ও শ্যাননের বিরুদ্ধে মামলা

নেশাদ্রব্য 'ইয়াবা' ট্যাবলেটসহ গ্রেপ্তারকৃত মুশফিকুর রহমান তমাল ও মাহমুদ আল জুবেরী শ্যাননের বিরুদ্ধে সোমবার রাতে গুলশান থানায় 'পর্নো' ছবি তৈরির অভিযোগে দুটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2007, 03:02 PM

Updated : 26 Aug 2022, 08:49 PM

ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নেশাদ্রব্য 'ইয়াবা' ট্যাবলেটসহ গ্রেপ্তারকৃত মুশফিকুর রহমান তমাল ও মাহমুদ আল জুবেরী শ্যাননের বিরুদ্ধে সোমবার রাতে গুলশান থানায় 'পর্নো' ছবি তৈরির অভিযোগে দুটি মামলা হয়েছে। তমালের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদি র‌্যাবের উপ-সহকারি পরিচালক এ এইচ এম হুমায়ন কবীর। অন্যদিকে র‌্যাবের উপ-সহকারি পরিচালক আব্দুর রশীদ সরকার বাদি হয়ে শ্যাননের বিরুদ্ধে অপর মামলাটি করেন। গুলশান থানার উপ-পরিদর্শক গুলশান আরা বেগম মামলার এজাহারের উদ্ধৃতি দিয়ে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট, ফেনসিডিল, ২৪টি পর্নো সিডি ও যৌনাচারে ব্যবহার করা হয় এমন বিভিন্ন ধরনের কৃত্রিম উপকরণ পাওয়া যায়। র‌্যাব কর্মকর্তারা এসব উপকরণ পরীক্ষা করে দেখেন মুশফিকুর রহমান তমাল নিজেই একাধিক পর্নো ছবির নায়ক। সে কম বয়সী তরুণীদের ইয়াবা সেবন করিয়ে পর্নো ছবি তৈরি করেছে। গোপন ক্যামেরায় এসব ছবি ধারণ করা হয়েছে বলে নিশ্চিত হওয়ার পর র‌্যাব মামলাটি দায়ের করে। এছাড়া মাহমুদ আল জুবেরী শ্যাননের কাছে পাওয়া গেছে একাধিক পর্নো ছবির সিডি। র‌্যাব জানায়, বারিধারার বাসিন্দা তমাল একজন নামকরা শিল্পপতির জামাতা। এর আগেও সে ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছিল। তমাল বিবাহিত ও দুই সন্তানের জনক। আর শ্যাননের বাড়ি গুলশান এলাকায়। শ্যাননের পিতা বিপুল অর্থের মালিক এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা। র‌্যাব আরো জানায়, ইয়াবাসহ গ্রেপ্তার করা ছয় যুবককে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে আনা হয়েছে। যৌথ জিজ্ঞাসাবাদ সেলে তাদের জেরা করা হচ্ছে। উল্লেখ্য বুধবার বিকালে গুলশান ও বনানী থেকে ইয়াবা ও অন্যান্য নেশা জাতীয় দ্রব্যসহ মুশফিকুর রহমান তমাল ও মাহমুদ আল জুবেরী শ্যাননকে তাদের বন্ধু আহেদ শফিক, দাই খান বীর চিনু, সালমান রহিম জোয়ার্দ্দার ও আলতাফ আকমল কল্লোলসহ আটক করা হয়। তাদের গ্রেপ্তারের সময় তাদের ব্যবহৃত সাদা রংয়ের একটি বিএমডব্লিউ ও লাল রংয়ের একটি পোরশে গাড়িও আটক করা হয়। গাড়ি দুটিতে একই নম্বরপ্লেট ব্যবহার করা হতো। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএনএস/টিএইচ/এমএ/২০৫৫ঘ.