ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ক্ষিলক্ষেতে রোববার সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন।
নিহতের নাম মাহবুবর রহমান মাহবুব (৩৯)। তিনি বিমান বাহিনীর ওয়ারেন্ট কর্মকর্তা পদ থেকে অবসর প্রস্তুতিকালীন ছুটিতে ছিলেন।
ক্ষিলক্ষেত থানার উপ-পরিদর্শক তোফায়েল আহম্মেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, মাহবুবুর রহমান বিকেল সাড়ে তিনটার দিকে মোটরসাইকেলে চড়ে বারিধারার যাচ্ছিলেন। এ সময় ক্ষিলক্ষেত বিশ্বরোডে পুলিশ বক্সের উল্টোপাশে দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এ ব্যাপারে নিহতের ছোট ভাই হাফিজুর রহমান বাদি হয়ে একটি মামলা করেছেন। গাড়িসহ চালক শাহ আলমকে আটক করেছে পুলিশ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/টিএইচ/এমএইচবি/২১২৮ ঘ.
bdnews24