২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারাগারে ড. আনোয়ারের সুচিকিৎসায় অবহেলা হয়েছে, অভিযোগ স্ত্রীর

কারাবন্দি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আনোয়ার হোসেনের সুচিকিৎসায় অবহেলা হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী আয়েশা আক্তার। আয়েশা আক্তার বলেছেন, কারাগারে জীর্ণ ভবনের দেয়াল থেকে ড. আনোয়ারের কান ও মাথায় ছত্রাক সংক্রমণ হয়েছে। ৩ অক্টোবর থেকে প্রচণ্ড ব্যথা হলেও সময়মতো তার সুচিকিৎসা হয়নি। ফলে তিনি এখন বাম কানে ঠিকমতো শুনতে পারছেন না। শনিবার সংবাদ মাধ্যমগুলোতে ফ্যাক্সে পাঠানো এক চিঠিতে আয়েশা আক্তার এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2007, 09:44 AM

Updated : 26 Aug 2022, 08:48 PM

ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কারাবন্দি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আনোয়ার হোসেনের সুচিকিৎসায় অবহেলা হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী আয়েশা আক্তার। আয়েশা আক্তার বলেছেন, কারাগারে জীর্ণ ভবনের দেয়াল থেকে ড. আনোয়ারের কান ও মাথায় ছত্রাক সংক্রমণ হয়েছে। ৩ অক্টোবর থেকে প্রচণ্ড ব্যথা হলেও সময়মতো তার সুচিকিৎসা হয়নি। ফলে তিনি এখন বাম কানে ঠিকমতো শুনতে পারছেন না। শনিবার সংবাদ মাধ্যমগুলোতে ফ্যাক্সে পাঠানো এক চিঠিতে আয়েশা আক্তার এ কথা জানান। তিনি জানান, ঈদের দিন স্বামীর সঙ্গে দেখা করার পর তিনি বিষয়গুলো জেনেছেন। আয়েশা আক্তার অভিযোগ করেন, "গ্রেপ্তারের এক মাস পর তার স্বামীসহ অপর শিক্ষকদের কারাগারে ডিভিশন দেয়া হলেও তাদের রাখা হয় শাস্তি দেয়ার জন্য নির্ধারিত সেলে। পুরনো ভবনের ছত্রাকপূর্ণ ওই দেয়াল থেকেই ড. আনোয়ারের দেহে সংক্রমণ ঘটে। ৩ অক্টোবর থেকে তার প্রচণ্ড ব্যথা হলেও ১১ অক্টোবর তাকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠানো হয়। চিকিৎসার এ দীর্ঘসূত্রতার জন্য তিনি বাম কানে এখন ঠিকভাবে শুনছেন না।" তবে ১১ অক্টোবর ড. আনোয়ারসহ অপর শিক্ষকদের কারাগারের নব নির্মিত রূপসা ভবনে স্থানান্তর করা হয় বলে জানিয়েছেন আয়েশা আক্তার। সংবাদ মাধ্যমগুলোয় খণ্ডিত বক্তব্য প্রচার করায় ড. আনোয়ার অত্যন্ত আহত হয়েছেন বলেও জানান তিনি। আয়শা আক্তার বলেন, সংবাদ মাধ্যমে প্রচারিত বক্তব্যের পাশাপাশি ড. আনোয়ার এটাও বলেছিলেন "ইউনিফর্মধারী সেনা সদস্যদের মতো ছাত্র-শিক্ষক-জনতারও আত্মমর্যাদাবোধ রয়েছে। কখনো যেন তাতে আঘাত করা না হয়"। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে সেনা সদস্য কর্তৃক অপমানিত, লাঞ্ছিত, বিপন্ন ও বিক্ষুব্ধ ছাত্রদের হাতে ইউনিফর্মধারী সেনা সদস্যদের লাঞ্ছিত হওয়ার ঘটনায় ছাত্রদের অভিভাবক হিসেবে ড. আনোয়ার হোসেন স্বতঃপ্রণোদিত হয়ে ক্ষমা চেয়েছিলেন। দুর্বলতা বা করুণা লাভের জন্য তিনি তা করেননি। তিনি চেয়েছিলেন, সেনাসদস্য ও তাদের গাড়ির ওপর হামলার বিষয়টি যেন কোনভাবেই দেশে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে বেসামরিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে না পারে। আয়শা আক্তার বলেন, ড. আনোয়ার হোসেন আন্তরিকভাবে আশা করেছিলেন, তার আহ্বানের ফলে দেশ সেনাবাহিনী ও ছাত্র-শিক্ষক-জনতার মুখোমুখি অবস্থানের ভয়াবহতা থেকে মুক্তি পাবে। কিন্তু, প্রধান উপদেষ্টার ভাষণে ৮২ হাজার ছাত্র জনতার বিরুদ্ধে রুজু করা গণ মামলা প্রত্যাহার করে তা ৩৬ জনে সীমাবদ্ধ রাখার ও আর কাউকে গ্রেপ্তার না করার প্রতিশ্র"তির পর এবং ছাত্রদের অভিভাবক হিসাবে বিক্ষুব্ধ ছাত্রদের আচরণের জন্য ড. আনোয়ার হোসেন ক্ষমা প্রার্থনার পরও ছাত্রদের গ্রেপ্তার করা হয়েছে। ড. আনোয়ার হোসেনের ক্ষমা প্রার্থনাকে খেলার মাঠে সেনা সদস্য কর্তৃক ছাত্র লাঞ্ছনার ঘটনার মতোই তুচ্ছ জ্ঞান করা হয়েছে বলে তিনি (ড. আনোয়ার) অত্যন্ত ব্যথিত হয়েছেন বলে আয়েশা আক্তার জানান। তিনি বলেন, "ড. আনোয়ার সরকার সেনাবাহিনী ও দেশবাসীর জানাতে বলেছেন, দেশে সাধারণ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত বেসামরিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে সেনাবাহিনী যাতে গৌরবের সঙ্গে ব্যারাকে ফিরে যেতে পারে সে ব্যবস্থা নিতে হবে। তার জন্য শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার জন বন্দি শিক্ষক নয়, সব বিশ্ববিদ্যালয়ের বন্দি শিক্ষক ও ছাত্রদের বিশ্ববিদ্যালয় খোলার আগেই মুক্তি দেয়া এবং তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা নেয়া প্রয়োজন। এর পাশাপাশি প্রয়োজন অতিদ্রুত জরুরি অবস্থা প্রত্যাহার করে নাগরিকদের মৌলিক অধিকার ফিরিয়ে দেয়া, যাতে অভিযুক্ত নাগরিকরা তাদের বিরুদ্ধে আনা মামলাগুলো দেশের প্রচলিত আইনে মোকাবেলা করতে পারেন।" "ড. আনোয়ার বলেছেন, ভয় দেখিয়ে দেশ শাসন করা যায় না। বরং ছাত্র-শিক্ষক-নাগরিকদের আস্থা অর্জন করতে হবে এবং তাদের মনের শঙ্কা দূর করতে হবে", বলেন আয়েশা আক্তার। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআই/এমএ/১৫৩২ঘ.ু