২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিক ও ইবতেদায়ী স্তরের বই নভেম্বরে জেলাগুলোয় পৌঁছবে

প্রাথমিক ও ইবতেদায়ী স্তরের ২০০৮ শিক্ষাবর্ষের ১৬ ভাগ বই বিভিন্ন জেলা শিক্ষা অফিস ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পৌঁছে দেওয়া হয়েছে। বাকি বই ১৫ নভেম্বরের মধ্যে সরবরাহ করা হবে। প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে নতুন বই এবং অন্যান্য শ্রেণীতে নতুন ও পুরনো বই মিলিয়ে বিতরণ করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2007, 03:47 PM

Updated : 26 Aug 2022, 08:47 PM

ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - প্রাথমিক ও ইবতেদায়ী স্তরের ২০০৮ শিক্ষাবর্ষের ১৬ ভাগ বই বিভিন্ন জেলা শিক্ষা অফিস ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পৌঁছে দেওয়া হয়েছে। বাকি বই ১৫ নভেম্বরের মধ্যে সরবরাহ করা হবে। প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে নতুন বই এবং অন্যান্য শ্রেণীতে নতুন ও পুরনো বই মিলিয়ে বিতরণ করা হবে। বৃহস্পতিবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল আউয়াল মজুমদার, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যগ্মসচিব শামীম আহমেদ, এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর ড. মো. মছির উদ্দিন, নায়েমের মহাপরিচালক হোসনে আরা ফিরোজ এতে উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০০৮ শিক্ষাবর্ষে বিনামূল্যে বিতরণের জন্য প্রাথমিক স্তরের বিভিন্ন শ্রেণীর ৪ কোটি ১৫ লাখ ৫৬ হাজার ৬২৩টি এবং ইবতেদায়ী স্তরের ১ কোটি ৮৬ লাখ ৪ হাজার ১৬১টি বই মুদ্রণ ও সরবরাহ করা হবে। এবার প্রাথমিক স্তরের বই ছাপাতে ৫৬ কোটি ৪০ লাখ এবং ইবতেদায়ী স্তরের জন্য ২০ কোটি ৫০ লাখ টাকা খরচ হবে। এ পর্যন্ত প্রাথমিক স্তরের ৭৫ ভাগ ও ইবতেদায়ী স্তরের ৪০ ভাগ বই ছাপার কাজ শেষ হয়েছে। সব বই ছাপা হয়ে গেলে ১৫ নভেম্বরের মধ্যে সেগুলো বিভিন্ন জেলায় পাঠানো হবে। পরবর্তীতে উপজেলা শিক্ষা অফিসের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ে এবং জেলা শিক্ষা অফিস থেকে ইবতেদায়ী স্তরের বই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে বিতরণ করা হবে। ডিসেম্বরে প্রধান উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে নতুন শিক্ষা বর্ষের বই বিতরণ উদ্বোধন করবেন। নতুন শিক্ষাবর্ষের জন্য প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে নতুন বই এবং অন্যান্য শ্রেণীতে ৫০ ভাগ নতুন ও ৫০ ভাগ পুরনো বই মিলিয়ে বিতরণ করা হবে। সরকারের আর্থিক সঙ্কটের কারণে এটা করতে হচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। তবে নতুন ও পুরনো বই বিতরণে অনিয়ম ও স্বজনপ্রীতি যাতে না হয় সেদিকে নজরদারী করা হবে। এমন বই দেওয়া হবে না যা পাঠ উপযোগী নয়। ২০০৯ শিক্ষাবর্ষ থেকে সব বিষয়েই নতুন বই দেওয়া হবে বলেও মন্ত্রলালয়ের পক্ষ থেকে জানানো হয়। আবদুল আউয়াল মজুমদার সংবাদ সম্মেলনে বলেন, "শিক্ষকদের সততার সঙ্গে বই বিতরণ করতে হবে। বিনামূল্যের বই যেন বাজারে না পাওয়া যায়। কোনো অনিয়ম যাতে না হয়। যারা বই ছাপানোর দায়িত্ব পেয়েছেন তারা যেন কোনও হয়রানির শিকার না হয় এবং বিল নিয়ে যাতে কোনও সমস্যা না হয় সেদিকেও নজর রাখতে হবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/২১৪৪ ঘ.