চট্টগ্রাম, অক্টোবর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দেশের ছয়টি সিটি করপোরেশনভুক্ত এলাকায় জন্মনিবন্ধন সনদে ঠিকানা জটিলতা এড়াতে সংশোধনী আনা হয়েছে। নতুন নিয়মে সনদে প্রকৃত স্থায়ী ঠিকানা উল্লেখ করে সিটি কর্পোরেশনভুক্ত এলাকার নাগরিকরা জন্ম সনদ নিতে পারবেন।
চট্টগ্রাম সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান।
তিনি জানান, ঠিকানা জটিলতার কারণে সনদ দেওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছিল। এরপর চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) আবেদনের পর চলতি মাসের প্রথম সপ্তাহে স্থানীয় সরকার মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। জন্ম নিবন্ধন প্রকল্পের পরিচালক ড. নাজমুন আরা স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে সনদ দেওয়ার নিয়মে সংশোধনী আনা হয়। এই নতুন নিয়ম সব সিটি কর্পোরেশনভূক্ত এলাকায় প্রযোজ্য হবে।
চসিক কর্মকর্তারা জানান, জন্মনিবন্ধনের আগের নিয়ম অনুযায়ী সিটি কর্পোরেশনভুক্ত এলাকায় কেউ তিন বছরের বেশি সময় ধরে বসবাস করলে তার বর্তমান অবস্থানকেই স্থায়ী ঠিকানা হিসেবে গণ্য করা হতো। এ কারণে আগে থেকেই যারা জন্মস্থানকে স্থায়ী ঠিকানা হিসেবে শিক্ষা সনদ, পাসপোর্ট বা জায়গা জমি সংক্রান্ত দলিলে ব্যবহার করছিলেন তারা জন্মনিবন্ধন সনদ নেওয়ার ক্ষেত্রে সঙ্কটে পড়েন।
নতুন নিয়ম অনুযায়ী তথ্য ফরমে বর্তমান ঠিকানা এবং সনদে জন্মস্থান ও প্রকৃত স্থায়ী ঠিকানা উল্লেখ থাকবে।
চসিকের স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, সনদ দেওয়ার ক্ষেত্রে জন্মস্থান ও স্থায়ী ঠিকানার বিষয়টি সংশোধন করায় এখন একজন ব্যক্তির শিক্ষা সনদ, পাসপোর্টসহ অন্যান্য নাগরিক সুবিধাদি নিয়ে জটিলতার সম্মুখীন হতে হবে না।
সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ঠিকানা জটিলতায় পড়ে জন্মনিবন্ধন সনদ আনতে পারেননি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক হোসাইন কবীর। সংশোধিত নিয়মে তিনি গত মঙ্গলবার চট্টগ্রাম সিটি করপোরেশন থেকে স্থায়ী ও বর্তমান ঠিকানা ঠিক রেখেই জন্মনিবন্ধন সনদ নিয়েছেন।
তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সনদ অপরিবর্তিত থাকলেও ঠিকানার শর্ত পরিবর্তন করা হয়েছে। এ কারণে শিক্ষা সনদ, পাসপোর্ট, জায়গা জমি সংক্রান্ত দলিল অকার্যকর হওয়ার আশঙ্কা থাকছে না।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এসএনডি/এমআই/১৭০৮ ঘ.
bdnews24