২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির গাড়ি পোড়ানোর মামলায় আরো দুই জনের সাক্ষ্যগ্রহণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভের সময়ে সামরিক গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) গাড়ি পোড়ানোর মামলায় আরো দুই সাক্ষীর সাক্ষ্য নিয়েছে আদালত। মঙ্গলবার বেলা ১২টা থেকে ২টা পর্যন্ত রাজশাহী মহানগর দ্রুত বিচার আদালতে সাক্ষ্য দেন উপাচার্য ভবনের প্রহরী আবু বকর ও মীর রইচ আলী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2007, 10:16 AM

Updated : 26 Aug 2022, 08:47 PM

রাজশাহী, অক্টোবর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভের সময়ে সামরিক গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) গাড়ি পোড়ানোর মামলায় আরো দুই সাক্ষীর সাক্ষ্য নিয়েছে আদালত। মঙ্গলবার বেলা ১২টা থেকে ২টা পর্যন্ত রাজশাহী মহানগর দ্রুত বিচার আদালতে সাক্ষ্য দেন উপাচার্য ভবনের প্রহরী আবু বকর ও মীর রইচ আলী। তাদের সাক্ষ্য নেয়ার পর বিচারক এস এম ফজলুল করিম চৌধুরী আগামী ১৭ অক্টোবর মামলার পরবর্তী দিন ধার্য করেন। সাক্ষ্য দেয়ার পর আসামি পক্ষের আইনজীবীদের জেরার মুখে দুই সাক্ষীই আদালতকে জানান, তারা ঘটনা সম্পর্কে বিস্তারিত কিছু জানেন না এবং তারা ঘটনা দেখেনওনি। এর আগে এ মামলায় বাদী ডিজিএফআই-এর সহকারী পরিচালক শওকত আলী, কর্পোরাল মাসুদ রানা, কর্পোরাল এনামুল হক ও ডিজিএফআই-এর উপ-পরিদর্শক (সিকিউরিটি সাব ইন্সপেক্টর) জাফর ইকবালের সাক্ষ্য নেওয়া হয়। সাক্ষ্য গ্রহণের সময় মঙ্গলবারও আদালতে হাজির করা হয় মামলার আসামি রাবির ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক চৌধুরী সারোয়ার জাহান সজল, একই বিভাগের অধ্যাপক গোলাম সাবিবর সাত্তার তাপু, রাবির উপপ্রধান তথ্য কর্মকর্তা মো. সাদেকুল ইসলাম এবং সাবেক উপাচার্য ফাইসুল ইসলাম ফারুকীর গাড়িচালক মো. আতাউর রহমান আতাকে। মামলার বাকি ১০ আসামি পলাতক রয়েছেন। এ মামলার এজাহারে বলা হয়েছিল, গত ২২ আগস্ট ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের উল্লিখিত দুই শিক্ষক বিক্ষোভকারীদের মোবাইল ফোনের মাধ্যমে বাদীর গাড়ির অবস্থান জানিয়ে দেন এবং হামলা করার নির্দেশ দেন। বিক্ষোভকারীরা ডিজিএফআই'র সহকারী পরিচালক শওকত আলী ও তার সঙ্গীদের মারধোর করে তাদের গাড়িটি পুড়িয়ে দেয়। এ ঘটনায় শওকত আলী বাদী হয়ে গত ২৩ আগস্ট মতিহার থানায় মামলাটি দায়ের করেন। এ মামলায় ১৪ জনকে আসামি করা হয়। দুই শিক্ষক ও গাড়িচালক গত ১১ সেপ্টেম্বর মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠায় আদালত। এর আগে গত ৩০ আগস্ট সাদেকুল ইসলামকে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬১০ ঘ.