ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার আলমডাঙ্গা উপজেলায় সোমবার রাতে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' সন্ত্রাসী গ্র"প টগর বাহিনীর প্রধান টগর নিহত হয়েছে। একই রাতে কুষ্টিয়ায় গণপিটুনিতে মারা গেছে সুরুজ আলী নামে এক সন্ত্রাসী।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, আলমডাঙ্গা উপজেলার আসাননগর গ্রামে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' টগর নিহত হয়। গোলাগুলিতে আহত হন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন আহমেদ। ঘটনাস্থল থেকে একটি দোনলা বন্দুক, বন্দুকের ১০টি কার্তুজ, রাইফেলের ছয়টি গুলি উদ্ধার করেছে পুলিশ।
আলমডাঙ্গা থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক নূর আলম জানান, আসাননগর গ্রামের বটতলায় সন্ত্রাসীদের বৈঠকের খবর পেয়ে ওসির নেতৃত্বে একদল পুলিশ মধ্যরাতে সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছুড়তে শুরু করলে পুলিশও পাল্টা গুলি চালায়। ওই সময় গুলিবিদ্ধ হন ওসি জালাল উদ্দিন ও টগর। গোলাগুলির এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে। পরে আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, টগর মৃত।
ঘটনাস্থল থেকে তোরাব আলী ও দাউদ আলী নামে দুই সন্ত্রাসীকে আটক করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা নূর আলম জানান।
পুরিশ জানায়, টগরের বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ আলমডাঙ্গা থানায় ১৩টি মামলা রয়েছে।
কুষ্টিয়া প্রতিনিধি জানান, সদর উপজেলার হরিশঙ্করপুরে ভোররাতে গণপিটুনিতে সন্ত্রাসী গোষ্ঠী কামাল বাহিনীর সদস্য সুরুজ আলী নিহত হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন জানান, চাঁদার জন্য সুরুজ আলীর নেতৃত্বে কামাল বাহিনীর এক দল সন্ত্রাসী রাত ৩টার দিকে হরিশঙ্করপুরে ব্যবসায়ী হাফিজুর রহমান খোকনের বাড়িতে হানা দেয়। ওই সময় বাড়ির লোকজনের চিৎকারে গ্রামবাসী ছুটে এলে সন্ত্রাসীরা পালানোর চেষ্টা চালায়। এক পর্যায়ে গ্রামবাসী ধাওয়া করে সুরুজ আলীকে ধরে ব্যাপক পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানায়, সুরুজ মারা গেছেন।
সদর উপজেলার লাহিনী বটতলা গ্রামের ইজবার আলীর ছেলে সুরুজ আলীর বিরুদ্ধে চাঁদাবাজিসহ নানা অভিযোগে সদর থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৩০ ঘ.
bdnews24