ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নোয়াখালী ও ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও আনুমানিক ৫০জন নিহত হয়েছে।
নোয়াখালী প্রতিনিধি জানান, নোয়াখালীর বেগমগঞ্জে সোমবার তিনটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও অনুমানিক ৪৮জন আহত হয়।
পুলিশ জানায়, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বেগমগঞ্জের লক্ষ্মীপুর সড়কের কালিকাপুরে চট্টগ্রাম থেকে লক্ষ্মীপুরগামী আল বারাকা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী শাহী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর আল বারাকা পরিবহনের বাসটি রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে অজ্ঞাত পরিচয় এক শিশুর মৃত্যু হয়। দুর্ঘটনায় বাসের আরও ৪৮জন যাত্রী আহত হয়েছে।
অন্যদিকে, বেলা ১২টার দিকে বেগমগঞ্জের একলাসপুরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে গেলে ট্রাকের হেল্পার সুমন নিহত হয়।
এছাড়া, বিকেল ৫টার দিকে বেগমগঞ্জ থেকে সেনবাগ যাওয়ার পথে খন্দকার ইটভাটার কাছে একটি মোটর সাইকেলের সঙ্গে বাসের সংঘর্ষে মোটর সাইকেল আরোহী রনজিত দাশ ঘটনাস্থলেই মারা যায়।
রনজিত দাশ স্থানীয় পাক্ষিক লোকসংবাদের সাংবাদিক। দুর্ঘটনায় মোটর সাইকেলের আরেক আরোহী জহির গুরুতর আহত হয়েছেন। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যায়।
বেগমগঞ্জ থানান উপ পরিদর্শক রবিউল হোসেন দুর্ঘটনা তিনটির সত্যতা নিশ্চিত করেছেন।
ঝিনাইদহ প্রতিনিধি জানান, জেলার বারোবাজার ও শেখ পাড়ায় আলাদা সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং আহত হয়েছেন আরও দুই জন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঝিনাইদহ-যশোর মহাসড়কের বারো বাজারে রোববার রাত সাড়ে ৯টায় প্রথম দুর্ঘটনাটি ঘটে। ওই ঘটনায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দোকানে ঢুকে পড়লে একজন নিহত এবং আহত হন আরও দুই জন।
নিহত ব্যক্তির নাম মুন্না (৪৫)। তার বাড়ি যশোর সদর উপজেলার রহমতপুর গ্রামে। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া, সোমবার সকাল সাড়ে ১০টায় অন্য একটি দুর্ঘটনায় ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শেখ পাড়া নামক স্থানে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সাইফুল (২৮) নামে একজন নিহত হয়।
সাইফুলের বাড়ি শৈলকুপা উপজেলার যুগিপাড়া গ্রামে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলায়েত হোসেন জানান, ট্রাকটি আটক করা হয়েছে। ড্রাইভার ও হেলাপার পলাতক।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিসি/জিএনএ/এসএনডি/১৭৪৬ ঘ.
bdnews24