চট্টগ্রাম, অক্টোবর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - আনোয়ারা উপজেলার বরুমছড়া গ্রামে ডাকাতি করে পালানোর সময় শুক্রবার গভীর রাতে জনতার গণপিটুনিতে দ্ইু ডাকাত নিহত এবং একজন গুরুতর আহত হয়েছে।
নিহতরা হল- আবুল কালাম আবু (৪২) ও নুরুল আলম প্রকাশ ভুতাইয়া (৩৫)। তাদের দুজনেরই বাড়ি আনোয়ারার খুরুশকূল গ্রামে।
আহত আবদুল গফুর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বরুমছড়া গ্রামের মো. শাহাবুদ্দিনের বাড়িতে শুক্রবার রাত ২টার দিকে ১৪/১৫ জনের একদল সশস্ত্র ডাকাত লুটপাট শেষে পালানোর সময় গ্রামবাসীর হাতে ধরা পড়ে। অন্যরা ডাকাতির মালামাল নিয়ে পালিয়ে যায়।
তিনি বলেন, স্থানীয় জনতা তিন ডাকাতকে ধরে গণপিটুনি দিলে আবুল কালাম ঘটনাস্থলে এবং নুরুল আলম হাসপাতালে মারা যায়। আবদুল গফুর এখনও চিকিৎসাধীন আছে।
জাহেদুর রহমান আরও জানান, ডাকাতরা শাহাবুদ্দিনের ঘর থেকে নগদ টাকা, স্বর্ণালংকার ও দুটি মোবাইল সেটসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল নিয়ে গেছে।
আনোয়ারা থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/ডিডি/এসএনডি/১৫৩০ ঘ.
bdnews24