২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেতন-বোনাসের জন্য চট্টগ্রাম ও গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ

ঈদের আগে বেতন-বোনাস না পেয়ে গাজীপুর ও চট্টগ্রামে বৃহস্পতিবার বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা। গাজীপুর সদরের নগপাড়া ও টঙ্গীতে তিনটি গার্মেন্টেসের শ্রমিকরা দ'ুদফায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। ফলে ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের চরম বিপাকে পড়তে হয়। চট্টগ্রামে ওয়াজিকো অ্যাপারেলসের শ্রমিকরা নগরীর জুবিলি সড়ক আধাঘণ্টা অবরোধ করে। এ সময় নিউমার্কেটমুখী সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এ ছাড়া, বিক্ষোভ হয়েছে নগরীর মুন ফ্যাশন ও ইউসুফ ফ্যাশনেও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2007, 03:37 PM

Updated : 26 Aug 2022, 08:46 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঈদের আগে বেতন-বোনাস না পেয়ে গাজীপুর ও চট্টগ্রামে বৃহস্পতিবার বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা। গাজীপুর সদরের নগপাড়া ও টঙ্গীতে তিনটি গার্মেন্টেসের শ্রমিকরা দ'ুদফায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। ফলে ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের চরম বিপাকে পড়তে হয়। চট্টগ্রামে ওয়াজিকো অ্যাপারেলসের শ্রমিকরা নগরীর জুবিলি সড়ক আধাঘণ্টা অবরোধ করে। এ সময় নিউমার্কেটমুখী সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এ ছাড়া, বিক্ষোভ হয়েছে নগরীর মুন ফ্যাশন ও ইউসুফ ফ্যাশনেও। আমাদের গাজীপুর প্রতিনিধি জানান, জেলা সদরের নগপাড়া ও টঙ্গীতে তিনটি গর্মেন্টসের শ্রমিকরা দুইদফা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করায় তিনঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এছাড়া, বেতন ও বোনাসের দাবিতে টঙ্গীর দ্বীপ ফ্যাশন ও কোনাবাড়ি বিসিক নগরীর তমিজউদ্দিন টেক্সটাইলের শ্রমিকরা কাজ ফেলে বিক্ষোভ করে। তবে বিকেল থেকে কারখানা দুটির কর্তৃপক্ষ শ্রমিকদের পাওনা মেটানো শুরু করায় সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার বেলা ১টার দিকে টঙ্গীর বাজার এলাকার সেনা কল্যাণ কমার্শিয়াল কমপ্লেক্স ভবনের একই মালিকের দুটি কারখানা সিক্স এইচ গার্মেন্টস লিমিটেড ও জায়ান্ট গার্মেন্টস প্রাইভেট লিমিটেডের প্রায় পাঁচশ শ্রমিক বোনাসের দাবিতে বিক্ষোভ শুরু করে। গত ১৯ সেপ্টেম্বর ওই কারখানা দুটি লে-অফ ঘোষিত হয়। কারখানা দুটির শ্রমিকরা জানায়, দুপুর ১টার দিকে তারা বিক্ষোভ করে কারখানা সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয়। পরিস্থিতি সামাল দিতে যৌথবাহিনী ঘটনাস্থলে আসে। টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কারখানার মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা জানায়, লে-অফ অবস্থায় ঈদ বোনাস দেওয়ার বিধান নেই। পরে বিজিএমইএর সিনিয়র নির্বাহী মনিরুল ইসলাম মালিকপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিক স্বার্থ সংরক্ষণের প্রতিশ্র"তি দিলে বেলা ৩টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়। আব্দুস সালাম জানান, শুক্রবার এ সমস্যা নিয়ে মালিকপক্ষের সঙ্গে বৈঠক হবে। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর সদরের নগপাড়া এলাকার ইউটা ফ্যাশনের সহস্রাধিক শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। শ্রমিকরা জানায়, কারখানায় প্রায় ২৬শ শ্রমিক-কর্মচারী থাকলেও অল্প কয়েকজনকে বোনাস দেওয়া হয়েছে। এর প্রতিবাদে তারা মহাসড়ক অবরোধ করে। ইউটা ফ্যাশনের প্রশাসনিক কর্মকর্তা সাংবাদিকদের জানান, অনেক শ্রমিকের চাকরির নির্দিষ্ট মেয়াদ পূর্ণ না হওয়ায় তারা বোনাস পায়নি। এছাড়া কম্পিউটার বিভ্রাটের কারণেও অনেকে বোনাসের তালিকা থেকে বাদ পড়তে পারে বলে তিনি স্বীকার করেন। দুপুর সাড়ে ১২টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শ্রমিকদের সড়ক থেকে হটিয়ে কারখানার সীমানার কাছে নিয়ে যায়। পরে সেখানে পুলিশের মধ্যস্থতায় মালিক পক্ষের সাথে শ্রমিকদের বৈঠক হয়। কারখানার অফিস ইনচার্জ ক্যাপ্টেন (অব) মো. ইউনুস খান আগামী ৩০ অক্টোবরের মধ্যে শ্রমিকদের বোনাস দেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। চট্টগ্রাম অফিস জানায়, বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের ওয়াজিকো অ্যাপারেলসের শ্রমিকরা নগরীর জুবিলি সড়ক আধাঘণ্টা অবরোধ ও বিক্ষোভ করেছে। সড়ক অবরোধের সময় নিউমার্কেটমুখী সড়কে দীর্ঘ যানজট লেগে যায়। তবে এ সময় শ্রমিকরা কোনো ভাঙচুর করেনি। পরে কোতোয়ালি পুলিশ বিকেল ৪টার দিকে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেয়। বিক্ষোভরত গার্মেন্টস কর্মী রহিম, শাবনুর, আলমগীর বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, তিন মাসের বকেয়া বেতন ও দুই মাসের ওভার টাইম এবং ঈদ বোনাস না পেয়ে শ্রমিকরা রাস্তায় নামতে বাধ্য হয়। এ কারখানার প্রায় চারশ শ্রমিক বেতন বোনাসের দাবিতে বিকেল সাড়ে ৩টা থেকে অবরোধ শুরু করে। তারা জানান, বুধবার মালিকপক্ষ এসব পাওনা পরিশোধ করার প্রতিশ্র"তি দিলেও তা করেনি। পরে বৃহস্পতিবার দুপুরের মধ্যে তা পরিশোধ করার কথা বললেও বিকেল ৩টা পর্যন্ত মালিকপক্ষের কেউ যোগাযোগ করেনি। এরপরই শ্রমিকরা রাস্তায় নেমে আসে। কোতয়ালি থানা জোনের সহকারী পুলিশ কমিশনার আবু বকর ছিদ্দিক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ গিয়ে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করে। পরে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করা হবে এমন আশ্বাস দিলে তারা রাস্তা থেকে অবরোধ তুলে নেয়। তিনি জানান, মালিকপক্ষ বেতন ও বোনাস পরিশোধের উদ্যোগ নিয়েছে। তবে ব্যাংক বন্ধ হয়ে যাওয়ায় বৃহস্পতিবার বেতন পরিশোধ করা কতটুকু সম্ভব হবে সেটি বলা যাচ্ছে না। এছাড়া, নগরীর সাগরিকা রোডে মুন ফ্যাশন ও ডবলমুরিং থানার ইউসুফ ফ্যাশনের শ্রমিকরা ঈদের আগে পুরো বেতন পরিশোধের দাবিতে দুপুরের পর কারখানা এলাকাতেই বিক্ষোভ করে। সন্ধ্যার দিকে এ দুটি গার্মেন্টসে শ্রমিকদের বেতন পরিশোধ শুরু করে কর্তৃপক্ষ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএআর/এমএআর/এসএনডি/এমএইচবি/২১০৯ ঘ.