নীলফামারী, অক্টোবর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পৃথক দুটি দুর্নীতির ঘটনায় এক সরকারি কর্মকর্তা, এক ইউপি চেয়ারম্যান, চার ইউপি সদস্যসহ সাত জনকে সোমবার গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ঘুষ নেয়ার অভিযোগে জলঢাকা উপজেলা খাদ্য বিভাগের পরিদর্শক হামিদুল হককে এবং ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগে ডিমলা উপজেলায় এক ইউপি চেয়ারম্যান, চার ইউপি সদস্যসহ ছয় জনকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই জানান, ওএমএসের চাল ছাড়ের সময় ঘুষ নেয়ার অভিযোগে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা সহিদুল ইসলাম ভুঞা খাদ্য নিয়ন্ত্রক অফিসে গিয়ে হামিদুল হককে আটক করে পুলিশে দেয়। তার কাছ থেকে ঘুষের এক হাজার ৫০ টাকা উদ্ধার করা হয়েছে বলে ওসি আব্দুল হাই জানান।
দুস্থদের জন্য বরাদ্দ করা চাল আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার করা হয় ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশাররফ হোসেন মিন্টু, ইউপি সদস্য আব্দুস সালাম, তৌহিদুল ইসলাম, আব্দুস সাত্তার, আছির উদ্দীন এবং সাহাবুদ্দিন নামে অপর এক ব্যক্তিকে।
৭৬৫ কেজি চাল আত্মসাতের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন।
তিনি বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সবুর মন্ডল রোববার রাতে পরিষদ ভবনের একটি কক্ষ থেকে ওই চাল উদ্ধার করে। পরে সোমবার সকালে অভিযান চালিয়ে চেয়ারম্যান, মেম্বারসহ ছয় জনকে গ্রেপ্তার করা হয়।"
এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে ওসি আকতার জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৩১ ঘ.
bdnews24