২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতিরঝিল উন্নয়ন প্রকল্প একনেকে অনুমোদন

রাজধানীর বেগুনবাড়ি খালসহ হাতিরঝিল এলাকার উন্নয়নে প্রায় এক হাজার চারশ ৭৪ কোটি টাকার প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2007, 11:28 AM

Updated : 26 Aug 2022, 08:45 PM

ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বেগুনবাড়ি খালসহ হাতিরঝিল এলাকার উন্নয়নে প্রায় এক হাজার চারশ ৭৪ কোটি টাকার প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। সোমবার প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে রাজধানীর এইসি মিলনায়তনে অনুষ্ঠিত একনেক সভায় এ প্রকল্পসহ মোট পাঁচ হাজার ৫৮ কোটি টাকার ১২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করা হয়। এসব প্রকল্পের মধ্যে আছে- ছয়শ চার কোটি টাকার কৃষি এবং মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় কৃষি প্রযুক্তি প্রকল্পের প্রথম পর্যায়, ১১৯ কোটি টাকার সামুদ্রিক মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্প, একহাজার ২৪ কোটি টাকা ব্যয়ে পিডিবির কাছ থেকে পল্লী বিদ্যুৎ বোর্ডের বিদ্যুৎ কেনার ক্ষেত্রে সিস্টেম লস হ্রাসকরণ প্রকল্প, সাতশ ৭৮ কোটি টাকার চট্টগ্রামের শিকলবাহায় ১৫০ মেগওয়াট বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প ও সাভারে চামড়া শিল্প পার্কে পাঁচশ ৪৫ কোটি টাকা ব্যয়ে কেন্দ্রীয় বর্জ পরিশোধনাগার নির্মাণ প্রকল্প। সভার পর পরিকল্পনা সচিব জাফর আহমেদ চৌধুরী সাংবাদিকদের বলেন, "খালটি সংস্কার করা হলে তা বন্যা প্রতিরোধসহ জলাবদ্ধতা নিরসন ও পয়নিষ্কাশনে সহায়তা করবে।" এর ফলে অবৈধ দখলদারদের কবল থেকে সরকারি জমিও উদ্ধার করা যাবে বলে জানান পরিকল্পনা সচিব। জাফর আহমেদ চৌধুরী বলেন, "বর্তমান অর্থবছরেই বেগুনবাড়ি প্রকল্প শুরু হবে। এর মেয়াদকাল ধরা হয়েছে সাড়ে তিনবছর। এর জন্য জমি অধিগ্রহণে ব্যয় হবে নয়শ ৫০ কোটি টাকা। এছাড়া সরকারি মালিকানায় আছে আরও সাড়ে পাঁচশ কোটি টাকার জমি।" প্রকল্পের আওতায় ১১ কিলোমিটার দীর্ঘ সড়ক, তিনশ ২০ মিটার সেতু, ১১ কিলোমিটার ফুটপাত, দুইশ ৫গ ওভারপাস ও ১৪ কিলোমিটার ওয়াকওয়ে থাকবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআর/জিএমএ/আরএ/জিএনএ/এসএনডি/এমএ/১৯৩৫ ঘ.