ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - আয়ের সঙ্গে সম্পত্তির অসঙ্গতি থাকার অভিযোগে সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ও তার স্ত্রী তাসমিমা হোসেনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন মামলা করেছে।
রোববার বিকেলে ধানমণ্ডি থানায় কমিশনের সহকারী পরিচালক শেখ ফাইয়াজ আলম মামলাটি দায়ের করেন। এতে তাদের বিরুদ্ধে ১৭ কোটি টাকারও বেশি অনিয়মের অভিযোগ আনা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, আসামিরা বিভিন্ন সময়ে জ্ঞাত আয়ের বাইরে ১৭ কোটি এক লাখ ৫২ হাজার ৭১২ টাকার সম্পত্তি অর্জন করেছেন। একইসঙ্গে তাদের বিরুদ্ধে দুদকে জমা দেওয়া হিসাব বিবরণীতে আরও চার কোটি ২২ লাখ ৫৯ হাজার ৪৩৮ টাকার সম্পত্তির তথ্য গোপন করার অভিযোগ আনা হয়।
আনোয়ার হোসেন মঞ্জু জাতীয় পার্টির একাংশের পদত্যাগী চেয়ারম্যান। জরুরি অবস্থা ঘোষণার পর এক বিবৃতিতে তিনি রাজনীতি থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়ে বিদেশে পাড়ি জমান। তার স্ত্রী সাবেক সাংসদ তাসমিমা হোসেন পাক্ষিক 'অনন্যা'র সম্পাদক।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইএম/বিআর/আরএ/এসএনডি/এমএ/১৮১৫ ঘ.
bdnews24