চট্টগ্রাম, অক্টোবর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাঁশখালীর বিভিন্ন স্থান থেকে পুলিশ ১০ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পুলিশ বলছে এরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। উপজেলার গণ্ডামারা, জলদি ও চাম্বল এলাকা থেকে বৃহস্পতিবার রাতে এদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল, মো. ইলিয়াস (২৩), মো. সোহাগ (২৫), মো. সরওয়ার (২৪), আবদুর রশিদ (২২), ফজল করিম (২৯), মোহাম্মদ হোসেন (২৯), মো. হারুন (৪০), মো. ইউনুস (২৮), আবদুল্লাহ (৩৫) ও জাকের আহমদ (২৬)।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাত দশটার দিকে উপজেলার গণ্ডামারা এলাকায় অভিযান চালিয়ে চার জনকে গ্রেপ্তার করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী রাত সাড়ে এগারটার দিকে জলদি এলাকা থেকে ডাকাত দলের সর্দার ইলিয়াসকে এবং চাম্বল এলাকায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় বাকি পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএআর/জেকে/
bdnews24