খুলনায় বিএনপি ও জাতীয় পার্টির নেতাসহ গ্রেপ্তার ৯
খুলনা মহানগরীসহ জেলার বিভিন্ন স্থান থেকে মঙ্গলবার ও বুধবার অভিযান চালিয়ে যৌথ বাহিনী দুই বিএনপি নেতাসহ নয়জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন ইউপি চেয়ারম্যান ও জাতীয় পার্টির নেতা, একজন ইউপি সদস্য ও একজন ভারতীয় নাগরিকও রয়েছেন।
যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দাকোপ উপজেলার চুনকুড়ি গ্রামের নিজ বাড়ি থেকে দাকোপ থানা বিএনপি সভাপতি অপূর্ব কুমার রায় ও দেবদাস নামে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।
একই রাতে যৌথবাহিনী এই উপজেলা সদর থেকে ভারতীয় নাগরিক শ্যামসুন্দর সাহাকে গ্রেপ্তার করে। শ্যামসুন্দর পশ্চিমবঙ্গের পুরুলিয়ার ঈশ্বর চন্দ্র সাহার ছেলে। তার কাছে বেশ কিছু পত্রিকার কাটিং উদ্ধার করা হয়।
এদিকে ফুলতলা উপজেলার বাগদাগাতী গ্রাম থেকে ফুলতলা থানা বিএনপির সহসভাপতি হুমায়ূন কবীর বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া বুধবার সকালে পাইকগাছা উপজেলার সদর কোর্ট চত্বর থেকে রাড়–লী ইউপি চেয়ারম্যান ও জাতীয় পার্টি নেতা আ. মজিদ গোলদার ও তার সঙ্গী আমিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। মজিদ গোলদারের বিরুদ্ধে ২টি হত্যা, ১টি অপহরণসহ ৪টি মামলা রয়েছে।
পাইকগাছা উপজেলা সদরের দক্ষিণ পাইকগাছা গ্রাম থেকে হত্যা মামলার আসামী ও তালিকাভূক্ত সন্ত্রাসী মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়ছে।
কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়ন পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা হরসিত মন্ডল ও নগরীর কোর্ট এলাকা থেকে যুবলীগ নেতা কাজী মহব্বত মোমেনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
যৌথ বাহিনী খুলনা ক্যাম্পের মুখপ্রাত্র মেজর একরাম এদের গ্রেপ্তার খবরের সত্যতা স্বীকার করেছেন।
