চট্টগ্রামে ৪০ কোটি টাকা মূল্যের খাদ্যসামগ্রী আটক
চট্টগ্রামের একটি বন্ধ হয়ে যাওয়া জুট মিলে গুদামজাত করা প্রায় ৫০ হাজার মেট্রিক টন বিভিন্ন খাদ্য সামগ্রী উদ্ধার করেছে যৌথবাহিনী।
বুধবার সকাল থেকে দিনভর অভিযানকালে প্রায় ৪০ কোটি টাকা মূল্যের এসব বিপুল পরিমাণ খাদ্যসামগ্রী উদ্ধার করা হয়।
অভিযানকালে যৌথ বাহিনীর সদস্যরা ভিক্টরি জুট মিলের গুদাম ব্যবহারকারি ইস্ট ওয়েস্ট কর্পোরেশনের ম্যানেজার সুভাষ চৌধুরী এবং মডার্ন ইমপেক্টের আবদুর রহমান খানকে আটক করে। এ ছাড়া মোহাম্মদ আলী নামে গুদামের একজন কর্মচারিকেও আটক করা হয়।
সেনা ও ব্যবসায়ী সূত্রে জানা যায়, নগরীর পাহারতলীর ডিটি রোডে অবস্থিত বন্ধ হয়ে যাওয়া ভিক্টরি জুট মিলে দেশের বৃহত্তম পাইকারী বাজার খাতুনগঞ্জের নয়টি আমদানিকারক প্রতিষ্ঠান তাদের মালামাল গুদামজাত করে রাখতো।
পণ্য মজুদদারদের বিপক্ষে যৌথবাহিনীর এটাই ছিল সবচেয়ে বড় অভিযান। ভিক্টরি জুট মিলে অভিযান চলাকালে যৌথ বাহিনীর আরও কয়েকটি দল খাতুনগঞ্জ ও চাক্তাই বাজারের বিভিন্ন গুদাম ও আড়ত এবং পাহারতলীর চালের আড়তসহ বিভিন্ন গুদামে একযোগে অভিযান চালায়।
সূত্র জানায়, ভিক্টরি জুটি মিলের এসব গুদামে খাদ্যসামগ্রী গুদামজাত করার পাশাপাশি আমদানিকারকরা নিম্নমানের পণ্য মিশিয়ে বস্তাজাত করে বাজারজাত করা হতো বলে যৌথবাহিনীর কাছে তথ্য ছিল।
সেনা, পুলিশ ও র্যাবের এ যৌথ অভিযানকালে মিলের অভ্যন্তরে রক্ষিত বিভিন্ন গোডাউন থেকে ইস্ট ওয়েস্টের ১০ হাজার বস্তা চিনি, আখতার ইমপেক্টের ২১৫ টন মটর, গাজী ব্রাদার্সের ২৬০ মেট্রিক টন মটর, এইচ ব্রাদার্সের ৪০০ মেট্রিক টন মসুর ডাল, একে কর্পোরেশনের ৫৯৬ মেট্রিক টন মটর, আবুল খায়ের গ্র“পের ১ হাজার ৮৫০ টন সরিষা এবং রিফাত ট্রেডার্সের ৫ হাজার ৩০০ মেট্রিক টন গম উদ্ধার করে। এ ছাড়া ইস্ট ওয়েস্ট কর্পোরেশনের ভাড়া নেয়া আরও দুটি গোডাউনে বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়েছে।
জানা যায়, খাতুনগঞ্জের আহমদ ট্রেডিং কর্পোরেশন নামের একটি প্রতিষ্ঠান ভিক্টর জুট মিলের মালিক ইস্পাহানি গ্র“পের কাছ থেকে নয়টি গুদামের মধ্যে সাতটি গুদাম ভাড়া নেয়। পরে তাদের কাছ থেকে অন্য আমদানিকারকরা এসব গুদাম ভাড়া নিয়েছিল।
ভিক্টরি জুট মিলে অভিযানের বিষয়ে যৌথ বাহিনীর পক্ষ থেকে সেনাবাহিনী এক বিজ্ঞপ্তিতে জানায়, অভিযানকালে জুটি মিলের বিভিন্ন গুদাম থেকে ৫০ হাজার বস্তা গম, ৫০ হাজার বস্তা চিনি, ২৫ হাজার ৭৫০ বস্তা মশুর ডাল, ২৩ হাজার ৭২০ বস্তা সরিষা ও ২৮ হাজার ৪২০ বস্তা ডাল পিস বা ভেজাল ডাল (ভেচ) জব্দ করা হয়েছে।
সাড়ে আটটায় পাঠানো এই বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব খাদ্যসামগ্রী দীর্ঘদিন মজুদ রাখা ও ভেজাল মিশ্রনের দায়ে আটক করা হয়।
এদিকে যৌথবাহিনী চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বুধবার সন্ধ্যা পর্যন্ত গত ৪৮ ঘন্টায় সাত জনকে আটক করেছে। আটককৃতদের মধ্যে তিনজনের কাছ থেকে তিনটি অস্ত্রসহ কার্তুজ উদ্ধার করেছে।
যৌথবাহিনীর সদস্যরা রাঙ্গুনিয়ার রেজাউল করিমকে একটি পাইপ গান, বাঁশখালীর বোরহান উদ্দিন মিজান চৌধুরীকে একটি একনলা বন্দুকসহ ২০ রাউন্ড কার্তুজ ও ৩৮টি বিভিন্ন ধরনের ধারালো অস্ত্রসহ আটক করেছে। এ ছাড়া অভিযানকালে কক্সবাজার জেলার পেকুয়া থেকে পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
আটককৃত অপর ব্যক্তিরা হলেন- রাঙ্গুনিয়ার আব্দুস সালাম ওরফে কানা সালাম, হাটহাজারীর মো. হানিফ ও মো. শাহিন, সীতাকুন্ডের রফিকুল ইসলাম ও খাগড়াছড়ির শাহ আলম।
