বরিশালের ইতি হত্যা মামলা পুনঃতদন্তের নির্দেশ
বরিশালের চাঞ্চল্যকর পলি নাহার ইতি (১৯) হত্যা মামলা পুনঃতদন্তের নির্দেশ দিয়েছে আদালত।
বরিশাল বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুল মতিন বুধবার মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমানকে এ নির্দেশ দেন। তদন্তের স্বার্থে ওসি র্যাবের সহযোগিতা নিতে পারবেন বলে বিচারক তার আদেশে উল্লেখ করেন।
কলেজ ছাত্রী ইতি হত্যা মামলাটির বিচার কাজ চলতি বছরের ১৪ জানুয়ারি থেকে শুরু হয়।
বিচার কাজের প্রথমদিন মামলাটির বাদী নিহত ইতির মা সাফিয়াসহ আটজন সাক্ষীকে আদালতে বৈরী ঘোষণা করেন।
একইভাবে অসামঞ্জস্যপূর্ণ সাক্ষ্য এবং প্রকৃত সত্য লুকানোর ঘটনায় বিচারক ওই মামলার ১৭ জন সাক্ষীকে বৈরী ঘোষণা করেন। পাশাপাশি চারজন সাক্ষীকে টেন্ডার এবং পাঁচজনের সাক্ষ্যগ্রহণ করেন।
বুধবার মামলাটির যুক্তিতর্কের দিন ধার্য ছিল। কিন্তু সাক্ষীদের সাক্ষ্যে বিচারক সন্তুষ্ট না হওয়ায় মামলাটি পুনরায় তদন্তের জন্য পাঠান।
উল্লেখ্য, ২০০৪ সালের ২৬ জুন গভীর রাতে মুলাদী ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী পলি নাহার ইতির শরীরে প্রতিবেশী কামাল, রেদোয়ান, সাইফুল, মঈনুদ্দিনসহ কয়েকজন কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুমূর্ষু অবস্থায় ইতিকে প্রথম মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরদিন ২৭ জুন শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ইতিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ২৯ জুন তার মৃত্যু হয়।
চিকিৎসাধীন অবস্থায় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইব্রাহিমের কাছে ইতি মৃত্যুশয্যায় জবানবন্দী দেয়।
এ ঘটনায় ইতির মা সাফিয়া বেগম বাদী হয়ে ২৭ জুন মুলাদী থানায় ২২ জনকে আসামী করে মামলা দায়ের করেন।
