গাজীপুরে বোমা হামলায় ট্রাফিক কনস্টেবল নিহত
গাজীপুরে মঙ্গলবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে শক্তিশালী হাত বোমা বিস্ফোরণে ট্রাফিক পুলিশের এক কনস্টেবল নিহত এবং অপর এক ট্রাফিক কনস্টেবল ও পথচারি আহত হয়েছেন। ঘটনাটি ঘটে চান্দনা চৌরাস্তা এলাকায় ভাস্কর্য জাগ্রত চৌরঙ্গীর উত্তর পাশে।
এ ঘটনায় জড়িত সন্দেহে বুধবার সকালে ইসলামি জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য রাসেল আহমেদ (২৭) নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব সদস্যরা।
নিহত কনস্টেবলের নাম আ. রশিদ। তার বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার নশতিবাজার গ্রামে। তিনি কিশোরগঞ্জ জেলা ট্রাফিক পুলিশে কর্মরত ছিলেন। বিশ্ব ইজতেমা উপলক্ষে বিশেষ দায়িত্ব পালন করার জন্য তিনদিন আগে তিনি গাজীপুর আসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সোয়া ৭ টায় দিকে শহরের ব্যস্ততম চৌরাস্তার কাছে বোমাটি বিস্ফোরিত হয়। এসময় ওই স্থানে এক সার্জেন্টের নেতৃত্বে পাঁচজন ট্রাফিক কনস্টেবল দায়িত্ব পালন করছিলেন। এসময় তাদের কাছ থেকে মাত্র চারহাত দূরে ওই বোমার বিস্ফোরণ ঘটে। বোমার স্পিন্টারের আঘাতে সঙ্গে সঙ্গে রাস্তায় লুটিয়ে পড়েন কনস্টেবল আবদুর রশিদ ও ইলিয়াস।
প্রত্যক্ষদর্শী সহকর্মী কনস্টেবল গিয়াসউদ্দিন জানান, শব্দ শুনে ছুটে এসে তিনি দেখতে পান রাস্তায় পড়ে থাকা রশিদের মাথায় ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। আর ইলিয়াসের হাত ও পিঠ ছিল ক্ষত--বিক্ষত। গুরুতর আহত দুজনকে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে ও পরে সেখান থেকে আবদুর রশিদকে গাজীপুর সদর ও ইলিয়াসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কর্তব্যরত চিকিৎসকরা সেখানে তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে প্রাথমিকভাবে একে দুর্ঘটনা বলে ভাবা হলেও হতাহতের শরীরে ক্ষতের ধরন দেখে পুলিশ এটি বোমা হামলা বলে ধারণা করে। রাত ১২টার দিকে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার মেজর সাইফুর ও মেজর আতিক গাজীপুরে আসেন। পরে আসেন ডিজিএফআইসহ অন্যান্য সংস্থার বিশেষজ্ঞরা। ঘটনাস্থল ও ট্রাকের গায়ে স্পিন্টারের আঘাতের চিহ্ন দেখে তারা বোমা হামলার ব্যাপারে নিশ্চিত হন।
সিআইডির বোমা বিশেষজ্ঞ মৃণাল কান্তি সাহা জানান, বোমাটি ঘটনাস্থলের পশ্চিম পাশ থেকে ছুঁড়ে মারা হয়। তিনি আরও জানান, ট্রাকের জানালা ও তেলের ড্রামেও স্পিন্টারের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
বোমা হামলার ঘটনায় গাজীপুর ট্রাফিক পুলিশের কনস্টেবল বাদি হয়ে জয়দেবপুর থানায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা দায়ের করেন।
র্যাব সূত্র জানায়, র্যাব-- ১১ এর সদস্যরা রাসেল আহমেদকে গাজীপুরের শ্রীপুর উপজেলার চকপাড়া এলাকার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। রাসেল ২০০৫ সালের ১৭ আগস্ট গাজীপুরে বোমা হামলার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিল। জয়দেবপুর থানায় এ সংক্রান্ত দায়ের করা মামলায় সে চার্জশিটভুক্ত আসামী। ওই বোমা হামলার পর থেকেই সে পলাতক ছিল।
গ্রেপ্তারের পর জেলার শিমুলতলীতে র্যাব-- ১১ কার্যালয়ে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
এর আগে সকালে গাজীপুর সদর হাসপাতাল ময়নাতদন্ত শেষে আবদুর রশিদের লাশ নেওয়া হয় জেলা পুলিশ লাইনে। সেখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে নিয়ে যাওয়া হয় কিশোরগঞ্জে নিহতের বাড়িতে।
রশিদের বড় ভাই আবদুল হালিম জানান, রশিদের ১০, ৬ ও ৩ বছর বয়সী ছেলে রয়েছে।
এদিকে নতুন করে বোমা হামলার ঘটনায় গাজীপুরে আতঙ্ক দেখা দিয়েছে। পুলিশ সুপারের কার্যালয়, থানা ও সরকারি অফিসগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
