সন্ত্রাসীদের গডফাদারদের ধরতে স্বরাষ্ট্র সচিবের নির্দেশ
অগ্রাধিকার ভিত্তিতে সন্ত্রাসীদের গডফাদারদের গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র সচিব আবদুল করিম। বুধবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে পুলিশের মহাপরিদর্শক নূর মোহম্মদ ও বিভাগীয় কমিশনারদের সঙ্গে প্রথম বৈঠকে তিনি এ নির্দেশ দেন।
বৈঠকে আইনশৃংঙ্খলা পরিস্থিতি, সন্ত্রাসীদের তালিকা, সার--ডিজেলের সরবরাহ ঠিক রাখা এবং জরুরি অধ্যাদেশ সংক্রান্ত জারিকৃত বিধিমালা মাঠ পর্যায়ে কার্যকরের দিক নির্দেশনা দেওয়া হয়।
বৈঠক শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (রাজনৈতিক) মোজিবুর রহমান বৈঠকে আলোচনার বিষয় এবং দিক নির্দেশনা সাংবাদিকদের অবহিত করেন।
তিনি বলেন, “সন্ত্রাসীদের নতুন তালিকা প্রণয়নের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অহেতুক হয়রানির উদ্দেশ্যে কারো নাম যেন তালিকায় অন্তর্ভুক্ত করা না হয় সেদিকে লক্ষ রাখতে বলা হয়েছে এবং সব ধরনের প্রভাবের ঊর্ধ্বে উঠে অপরাধীদের আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে।”
মাঠ পর্যায়ে যেসব গোয়েন্দা সংস্থা কাজ করছে তারা এই প্রাথমিক তালিকা তৈরি করে পুলিশ প্রশাসনের কাছে হস্তান্তর করবে বলে জানান মোজিবুর রহমান।
স্বরাষ্ট্র সচিব আবদুল করিমের বরাত দিয়ে তিনি বলেন, দেশে বর্তমানে ২৮ লক্ষ মেট্রিক টন সারের চাহিদা রয়েছে। সরকার এই চাহিদার যোগান দেবে। সার ও ডিজেল সরবরাহ করার জন্য জেলা ও উপজেলা পর্যায়ে যে কমিটি আছে সেগুলোকে আরও সক্রিয়ভাবে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে।
জারিকৃত বিধিমালায় মিডিয়া সংক্রান্ত ধারাগুলো কীভাবে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে এ প্রশ্নের জবাবে যুগ্ম সচিব বলেন, “এরইমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রনালয় থেকে এ ব্যাপারে একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে। সে অনুযায়ী বিধিমালা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।”
মঙ্গলবার ঘুষ নেওয়ার সময় ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ--উল--ইসলামসহ পাঁচজনের গ্রেপ্তারের ব্যাপারে মোজিবুর রহমান বলেন, “কেউ দুর্নীতি করতে গিয়ে ধরা পড়লে বা দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেবে সরকার।”
