২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফৌজদারি কার্যবিধি সংশোধন জারিতে আরও দুই সপ্তাহ সময় চাইবে সরকার

নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করার অন্যতম শর্ত ফৌজদারি কার্যবিধির সংশোধনী জারি করতে আরো দুই সপ্তাহ সময় লাগবে। বৃহস্পতিবারের মধ্যে এ সংশোধনী জারি করে আদালতকে জানানোর কথা থাকলেও সরকার সুপ্রিমকোর্টের কাছে সময় চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2007, 05:58 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, ফৌজদারি কার্যবিধির সংশোধনীর বিষয়টি প্রধান উপদেষ্টার দপ্তরে রয়েছে। উপদেষ্টামণ্ডলি এটি নতুন করে পর্যালোচনা করবে। এজন্য আদালতের কাছে দুই সপ্তাহের সময় আবেদন করা হবে।

গত ১৬ জানুয়ারি আপিল বিভাগের নির্দেশে বিচার বিভাগ পৃথককরণ সংক্রান্ত চারটি বিধিমালা জারি করে সরকার। ২১ জানুয়ারি জুডিশিয়াল সার্ভিস সংক্রান্ত বিধিমালা চারটি আদালতে উপস্থাপনের পর ১ ফেব্র“য়ারির মধ্যে ফৌজদারি কার্যবিধির সংশোধনী জারি করার নির্দেশ দেন আাপিল বিভাগ।

১৯৯৯ সালের ২ ডিসেম্বর নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করতে আপিল বিভাগ সরকারকে ১২ দফা নির্দেশনা দিয়েছিল। রায় বাস্তবায়নের জন্য বিভিন্ন সরকার অন্তত ২৬ বার সময় নিলেও তা শেষ করতে পারেনি। এ অবস্থায় বর্তমান তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেয়ার পর আদালতের নির্দেশে তড়িঘড়ি করে মাত্র দুই দিনের মাথায় চারটি বিধিমালা জারি করায় বিচার বিভাগ সংশ্লিষ্টরা আশা করেছিলেন পৃথককরণের প্রক্রিয়া শেষ করতে দ্রুত ফৌজদারী কার্যবিধির সংশোধনীও জারি করা হবে। কিন্তু এ অবস্থায় সরকার এ কার্যবিধি সংশোধনীর জন্য আবার সময় চাওয়ার সিদ্ধান্ত নেয়।  বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ জে. আর. মোদাচ্ছির হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের সাত বিচারপতির পুর্ণাাঙ্গ বেঞ্চে বিষয়টি নিয়ে শুনানির হওয়ার কথা রয়েছে।