২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধারণক্ষমতার চারগুণ বন্দী নিয়ে বিপাকে চট্টগ্রাম কারা কর্তৃপক্ষ

কয়েদি ও হাজতি মিলিয়ে এখন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছে ধারণক্ষমতার প্রায় চারগুণ বন্দী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2007, 04:00 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

ওয়ার্ড ও সেলগুলোতে জায়গা না হওয়ায় কয়েদি ও হাজতিদের বড় একটি অংশকে কয়েকটি নির্মানাধীন ভবনে তুলে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

কারাগার সূত্র জানায়, পুরনো ভবনগুলোতে বেশ কয়েক বছর আগে থেকেই থাকার জায়গা সংকট ছিল। এজন্য কারা কর্তৃপক্ষ ভবনগুলোর পাশে আটটি টিনশেড ঘর তৈরি করে তাতে বন্দীদের রাখার ব্যবস্থা করেছে।

সূত্র জানায়, জরুরি অবস্থা জারির পর সাম্প্রতিক সময়ে হাজতিদের সংখ্যা বেড়ে গেছে।  উপায় না দেখে কারা কর্তৃপক্ষ নির্মানাধীন ভবনগুলোর সম্পূর্ণ কাজ শেষ না হতেই সেখানে তাদের থাকার ব্যবস্থা করেছে।

নতুন ব্যবস্থায় থাকার জায়গার কিছুটা সুরাহা হলেও বিপুল সংখ্যক বন্দীদের খাওয়াসহ প্রতিনিয়ত নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। আর তা সামলাতে হিমশিম খাচ্ছে কারা কর্তৃপক্ষ। 

এ প্রসঙ্গে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার বজলুর রশীদ জানিয়েছেন, কয়েদি ও হাজতি মিলিয়ে বুধবার সকাল পর্যন্ত মোট বন্দীর সংখ্যা ছিল ৫৮৬৯ জন। অথচ প্রায় শতবর্ষী এ কারাগারটির ধারণক্ষমতা মাত্র ১৫০৭ জন।

কারা সূত্র জানায়, বর্তমানে কারাগারে আটক বন্দীদের মধ্যে সাজাপ্রাপ্ত আসামীর সংখ্যা প্রায় ১৪০০ জন। এখানে ১৮০ জন মহিলার পাশাপাশি ১০৬ জন কিশোর ও শিশু রয়েছেন। এছাড়া ভারত ও মায়ানমারের নাগরিক ৫২ জন বিদেশীও আছেন।   

জেল সুপার জানান, “স্থান সংকুলানের জন্য তিনটি পাঁচতলা নির্মানাধীন ভবনে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। গাদাগাদি করে থাকার চাইতে নতুন ঘরগুলোতে অনেক জায়গা নিয়ে বন্দীরা থাকতে পারছে এটাই বা কম কিসে?”

এ কারণে এতদিন ধরে চলে আসা ইলিশ ফাইল (একজনের পিঠে আর একজনের পিঠ ঠেকিয়ে শোয়া) কিংবা ক্যাচি ফাইল (একজনের মাথার দিকে আর এক জনের পা দিয়ে থাকা) বন্ধ করা গেছে বলে জানিয়েছেন তিনি। তাতে অনেকটা স্বস্তির নিশ্বাস ফেলেছে বন্দীরা বলে মত তার।

বজলুর রশীদ বলেন, নির্মানাধীন এ ভবনগুলোর পাশাপাশি  আরো তিনটি পাঁচতলা ভবনের কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী কয়েকমাসের মধ্যে এ ভবনগুলো পুরোপুরি চালু হলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে থাকার আর কোনো সংকট থাকবে না।

ওয়ার্ডগুলোতে স্থান সংকুলানের পাশাপাশি ‘কনডেম সেল’ ও কারারক্ষীদের সংকট সামাল দিতেও সমস্যায় পড়েছে কারা কর্তৃপক্ষ।

কারা সূত্র জানায়, এ অঞ্চলের সবচেয়ে পুরনো এই  কেন্দ্রীয় কারাগারে ১০টি ‘কনডেম সেল’ এর বিপরীতে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামীর সংখ্যা ৫৬। তাদের প্রত্যেককে একটি করে সেলে রাখার কথা থাকলেও সেলের অভাবে বিকল্প উপায়ে তাদের একা রাখা হয়েছে।

জেল সুপার জানান, কারা বিধি অনুযায়ী তাদের রাখার ব্যবস্থা করা হয়েছে যাতে তারা সাধারণ ওয়ার্ডের অন্য কয়েদির সাথে মিশতে না পারে।

কারা বিধি অনুযায়ী একজন মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামীকে মানসিক ও নিরাপত্তাগত কারণে একটি জনবিচ্ছিন্ন সেলে রাখার নিয়ম। 

অন্যদিকে, বর্তমানে ৩১৪ জন কারারক্ষী জেলের ভেতরে ও বাইরে  শৃংখলা ও নিরাপত্তায় নিয়োজিত। এত অল্প সংখ্যক রক্ষী দিয়ে কাজ চালানো কষ্টকর বলে স্বীকার করেছেন জেল সুপার বজলুর রশীদ। 

জায়গার সংকুলান বেড়েছে বলে ওয়ার্ডগুলোতে দীর্ঘদিন থেকে চলে আসা বন্দি কেনা--বেচার বানিজ্য বন্ধ হয়েছে বলে দাবি করেছেন জেল সুপার।

অবশ্য কয়েদি ও কারারক্ষীদের একাধিক সূত্র জানিয়েছে, বন্দি আমদানি রপ্তানি বাণিজ্য কিছুটা কমলেও আগের মতোই রয়ে গেছে। পছন্দসই ওয়ার্ডে যেতে হলে এখনও মেট ও রাইটারদের টাকা দিতে হয়।

ঙ্গলবার জামিনে ছাড়া পাওয়া  কয়েকজন বন্দির সাথে কথা বলে জানা গেছে থাকার ও খাবার ব্যবস্থার উন্নতি হলেও সাধারণ কয়েদিদের এখনও  অমানবিক জীবন যাপন করতে হচ্ছে। 

নগরীর একটি বস্তি থেকে গ্রেপ্তার হওয়া দিনমজুর  আবু জাফর জানান, তার কাছ থেকে পোষাক পড়া কয়েদিদের একজন (মেট) প্রথমে টাকা দাবি করেন। তিনি তা দিতে না পারায় পরে তাকে এক কার্টুন গোল্ডলিফ সিগারেট কিনে দিতে বলা হয়। তাতেও অপারগ হওয়ায় রাতে তাকে দুই ঘন্টা দাঁড় করিয়ে রাখা হয়।

হাটহাজারীর এম এ হাকিম এক সপ্তাহের মতো বন্দী থাকার পর জামিনে বের হয়েছেন। তিনি  জানান, “হাজতিদের এখন গণরুমে থাকতে হচ্ছে না। তবে টাকা খরচ না করলে ভালো থাকার জায়গা কিংবা ভালো  খাবার পাওয়া দুষ্কর। আর টাকা দিলে এই শীতের দিনে মেঝের পরিবর্তে বেডের ব্যবস্থাও আছে।” কারাভ্যন্তরে মাদকদ্রব্য সেবন কিংবা মোবাইল ব্যবহারের অভিযোগ উঠলেও কর্তৃপক্ষ তা মানতে রাজি নয়। কিন্তু একাধিক বন্দি বলেছেন, “সিস্টেম”  করতে পারলে  ভিতরে সব ধরনের মাদকদ্রব্যই সুলভ। দাগি আসামি ও রাজনৈতিকভাবে  প্রভাবশালীরা সব ধরনের সুবিধাই পেয়ে থাকেন সেখানে।

জেল সুপার বজলুর রশীদ এসব অভিযোগ অস্বীকার করে বলেন, “মোবাইল ব্যবহারের অভিযোগ ওঠার পর কর্তৃপক্ষ এ বিষয়ে কঠোর পদক্ষেপ নিয়েছে। প্রতিদিন দিনে ও রাতে একবার করে সকল ওয়ার্ড ও সেল পরীক্ষা করা হয়।

এছাড়া মাদক নিয়ন্ত্রণেও সজাগ দৃষ্টি রাখা হয়েছে। কারাগারে একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র চালু করা হয়েছে। বর্তমানে দুই জন প্রশিক্ষিত ডাক্তার ৫২ জন মাদকাসক্ত রোগীর চিকিৎসা করছেন। ”

এর বাইরে বন্দীদের মানবিক দিকগুলো বিবেচনা করে কর্তৃপক্ষ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন জেল সুপার। তার ভাষায়, “দরিদ্র ও অসহায় বন্দীদের আইনী সহায়তা, মেডিটেশন কোর্স চালুসহ কেন্টিন, লাইব্রেরি ও ওয়ার্ডগুলোতে টিভির ব্যবস্থা করা হয়েছে। ”