ফতুল্লায় গ্রেপ্তারকৃত তিন পুলিশ কর্মকর্তাকে থানায় হস্তান্তর
ঘুষ নেওয়ার সময় যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, দুই এসআই এবং আবুল খায়ের গ্রুপের দুই কর্মকর্তাকে বুধবার সন্ধ্যায় ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বাদি হয়ে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। এ ছাড়া তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের জন্যও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছে।
যৌথবাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা বুধবার সন্ধ্যা পর্যন্ত টানা জিজ্ঞাসাবাদ শেষে ওসি আশরাফ উল ইসলাম, দুই এসআই এনামুল হক ও মিরাজ আল মাহমুদ এবং ঘুষ দাতা আবুল খায়ের গ্র“পের দুই কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও জাকির হোসেনকে সন্ধ্যা সাড়ে সাতটায় ফতুল্লা থানায় হস্তান্তর করে।
র্যাব--১১ এর সিনিয়র সহকারি পরিচালক লেফটেনেন্ট মাহতাব আলী বুধবার সন্ধ্যায় নফহবংি২৪.পড়স এর কাছে মামলা দায়েরের ব্যাপারটি নিশ্চিত করেছেন। তবে কোন্ আইনে বা ধারায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এ ব্যাপারে আমরা এখনই কিছু জানাতে চাই না। আমাদের আইন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে পরে সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে।”
কোন সংস্থা মামলাটির তদন্ত করবে প্রশ্ন করা হলে তিনি বলেন, তা সরকারের উচ্চমহল নির্ধারণ করবে।
এ ছাড়া নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে ঘুষের ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ করিমকে আহ্বায়ক করে গঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সদর সার্কেলের সহকারি পুলিশ সুপার নূর আহমেদ এবং জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহরুল ইসলাম। কমিটিকে আগামী পাঁচ দিনের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (এআইজি) মতিউর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নফহবংি২৪.পড়স কে বলেন, “অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। এর বেশি কিছু জানানো সম্ভব নয়।”
এর আগে মঙ্গলবার রাত দেড়টার দিকে যৌথবাহিনীর সদস্যরা ওসি আশরাফ উল ইসলাম, সেকেন্ড অফিসার এনামুল হক ও এসআই মিরাজ আল্ মাহমুদকে সাংবাদিকদের সামনে হাজির করেন।
এ সময় তারা ঘুষ নেওয়ার ঘটনা মিথ্যা বলে দাবি করেন। তবে লালমাটিয়ায় দামি ফ্ল্যাট, দামি গাড়ি ও প্রবাসী ছেলের শিক্ষা খরচের সঙ্গে আয়ের উৎসের অসঙ্গতির কারণ জানতে চাইলে ওসি আশরাফ কিছু বলতে পারেননি।
তিনি বলেন, এ ব্যাপারে তিনি কিছুই জানেন না। তাকে বাসা থেকে ডেকে আনার পর ঘটনা জানতে পারেন।
এস আই মিরাজ আল মাহমুদও এ ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেন। জিজ্ঞাসাবাদে তিনি বলেন, তিনি বাসায় ফিরে দেখতে পান দরজা তালাবন্ধ। যে তালা সেখানে লাগানো আছে সেটারও চাবিও তার কাছে নেই।
পরে ঘুষ দাতা আবুল খায়ের গ্র“পের দুই কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও জাকির হোসেনকে মুখোশ পরিয়ে সাংবাদিকদের সামনে আনা হলে তারা ঘুষ দেওয়ার ঘটনা উপস্থিত সাংবাদিকদের জানান।
এদিকে পচা গম ভর্তি ৫টি জাহাজ থেকে গ্রেপ্তার করা ১১ কর্মচারিকে বুধবার নারায়ণগঞ্জ প্রথম শ্রেনীর আদালতে হাজির করে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন জানালে আদালত তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তা নিজেই যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ায় তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
যৌথ বাহিনীর পক্ষ থেকে অপারেশন কমান্ডার মাহতাব সাংবাদিকদের জানান, পচা গম ভর্তি ৫টি জাহাজ আটক করার পর আবুল খায়ের গ্র“পের কর্মকর্তারা ওসি ও দারোগাদের কাছে তদবির শুরু করেন। ওসি তাদের কাছ থেকে ৫০ লাখ টাকা দাবি করে। ২২ লাখ টাকা দিতে রাজি হয়ে ১৪ লাখ ৮০ হাজার টাকা নিয়ে এলে তারা আইন প্রয়োগকারী সংস্থার লোকজনের হাতে ধরা পড়ে।
