নতুন নির্বাচন কমিশন হবে তিন সদস্যের: মইনুল হোসেন
নির্বাচন কমিশনের বর্তমান কমিশনাররা পদত্যাগের পরপরই প্রধান নির্বাচন কমিশনারসহ তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করতে যাচ্ছে বর্তমান সরকার।
বুধবার দুপুরে আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন সচিবালয়ে তার দপ্তরে সাংবাদিকদের বলেন, “আমি শুনেছি আজই বর্তমান নির্বাচন কমিশনাররা পদত্যাগ করবেন।”
তিনি বলেন, “নির্বাচন সংক্রান্ত আইনসহ অন্যান্য সংস্কারের বিষয়ে নতুন নির্বাচন কমিশনাররা পদক্ষেপ নেবেন।”
বর্তমান নির্বাচন কমিশনারদের পদত্যাগের মাধ্যমে নির্বাচন পুনর্গঠন সংক্রান্ত জটিলতা নিরসন হয়ে যাবে বলে মনে করেন আইন উপদেষ্টা।
এক প্রশ্নের জবাবে উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন বলেন, “বর্তমান সরকার চাচ্ছে কালোটাকা এবং দুর্নীতিমুক্ত একটি নির্বাচন অনুষ্ঠিত হোক।”
প্রশাসন থেকে বিচার বিভাগ আলাদা করতে ফৌজদারী কার্যবিধি (সিআরপিসি) সংশোধন সংক্রান্ত ফাইলটি প্রধান উপদেষ্টার দপ্তরে আছে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, “বৃহস্পতিবার আদালতের দেওয়া নির্ধারিত সময় শেষ হলেও সিআরপিসি সংশোধনের বিষয়টি বৃহস্পতিবারই সম্পন্ন করা যাবে না।” এর জন্য সরকার আদালতের কাছে আরও সময় চাইবে বলে জানান আইন উপদেষ্টা।
এ্যার্টনি জেনারেল নিয়োগ প্রসঙ্গে ব্যারিস্টার মইনুল হোসেন বলেন, “এ ব্যাপারে নিয়োগ প্রক্রিয়া চলছে।”
