সংসদ নির্বাচনে প্রার্থীদের আট তথ্য প্রদানের শুনানি মুলতুবি
জাতীয় সংসদ নির্বাচনে প্রাথীদের আয় ও সম্পদের হিসাবসহ ব্যক্তিগত আট তথ্য সম্পর্কিত আপিলের শুনানি আগামী সোমবার পর্যন্ত মুলতুবি করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেনের নেতৃত্বে চার বিচারকের আপিল বিভাগ আবেদনকারী আবু ছাফার পক্ষে দায়ের করা সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার এই আদেশ দেন।
গত ২৫ জানুয়ারি আপিল বিভাগ আবেদনটি শুনানির জন্য ৩১ জানুয়ারি তারিখ দিন ঠিক করে দিয়েছিল। সেই নির্দেশ অনুসারে আপিল বিভাগের দৈনিক কার্যতালিকার ২০নং ক্রমিকে আবেদনটি তালিকাভুক্ত হয়।
এদিকে, আবু ছাফার পক্ষে মামলাটি পরিচালনার জন্য সিনিয়র আইনজীবী আজমালুল হোসেন কিউসিকে পরিবর্তন করে মাহবুবুর রহমানকে নিযুক্ত করা হয়েছে।
মাহবুবুর রহমান আদালতে বলেন, “মঙ্গলবার বিকেলে আমি মামলার কাগজপত্র পেয়েছি। তাই প্রস্তুতির জন্য এক দিন সময় প্রয়োজন।”
অন্যদিকে, আজমালুল হোসেনের পক্ষে ব্যারিস্টার রফিক উল হক আদালতে বলেন, “আবু ছাফা ভুয়া ব্যক্তি কিনা আজমালুল তা জানেন না। আবু ছাফার আইনজীবী ব্যারিস্টার ওমর সাদাত ও নওয়াব আলীর কথায় তিনি এ মামলা নিয়েছেন। আজমালুলের স্ত্রী অসুস্থ থাকায় তিনি আদালতে আসতে পারেননি। যাতে আদালত ভুল না বঝেন সে জন্য তার পক্ষে একথা আমি জানালাম।”
২০০৫ সালের ২৪ মে আবদুল মোমেন চৌধুরীসহ সুপ্রিম কোর্টের তিন আইনজীবীর দায়ের করা জনস্বার্থ রিট মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট নির্বাচন কমিশনকে প্রার্থীদের কাছ থেকে আটটি তথ্য নিতে নির্দেশ দেয়। গত ১৯ ডিসেম্বর আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালত হাইকোর্টের রায় স্থগিত করেন।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে চট্টগ্রামের সন্দীপের জনৈক আবু ছাফা ২০০৫ সালের ৩ জুলাই আপিল বিভাগে লিভ-টু-আপিল দায়ের করেছিলেন। গত বছর ৬ এপ্রিল আপিল বিভাগ লিভ মঞ্জুর করলেও তখন কোন স্থগিতাদেশ দেয়নি।
