আগ্নেয়াস্ত্র ও ১০ হাজার রাউন্ড গুলিসহ নাভানা গ্রুপের সাবেক পরিচালক আটক
রাজধানীর বিজয়নগর এলাকা থেকে মঙ্গলবার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা তিনটি আগ্নেয়াস্ত্র ও প্রায় ১০ হাজার গুলিসহ নাভানা গ্রুপের সাবেক পরিচালক আনোয়ারুল ইসলামকে আটক করেছে।
উদ্ধার করা অস্ত্রের মধ্যে আছে একটি এসবিএল গান, দুটি ডিবিএল গান, ৫ হাজার ২৪২ রাউন্ড বন্দুকের কার্তুজ, ৩ হাজার ৮৫১ রাউন্ড পয়েন্ট টু টু বোর রাইফেলের গুলি, তিনটি ওয়াকিটকি এবং একটি অ্যারোগান।
র্যাব জানায়, র্যাব--১০ এর একটি দল গোপন সংবাদ পেয়ে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে রমনা থানা এলাকার ৬১, বিজয়নগরে নাভানা গ্র“পের সাবেক পরিচালক আনোয়ারুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। র্যাব সদস্যরা বাড়ির বিভিন্ন স্থানে প্রায় দেড় ঘণ্টা তল্লাশি চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেন।
এসময় অবৈধ অস্ত্র ও গোলাবারুদ রাখার অভিযোগে আনোয়ারুল ইসলামকেও আটক করা হয়।
র্যাব--১০ এর অপারেশন কর্মকর্তা ক্যাপ্টেন একেএম আলীম আল--রাজী বিডিনিউজ টোয়েন্টিফোরকে জানান, আনোয়ারুল ইসলাম র্যাব কর্মকর্তাদের কাছে তিনটি অস্ত্রেরই বৈধ লাইসেন্স আছে বলে দাবি করলেও মাত্র একটির লাইসেন্স দেখাতে পেরেছেন। এ ছাড়া ২ হাজার রাউন্ড গুলি রাখার অনুমতি রয়েছে বলে দাবি করলেও এ সংক্রান্ত কোন কাগজপত্র তিনি দেখাতে পারেননি।
তিনি আরও জানান, আনোয়ারুল ইসলামকে বর্তমানে র্যাব কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরপর তাকে রমনা থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হবে।
