রামুতে ২৬ ট্রাকবোঝাই অবৈধ কাঠ উদ্ধার
বিডিআর সদস্যরা কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৬ ট্রাকবোঝাই প্রায় সাড়ে ৪ হাজার ঘনফুট অবৈধ কাঠ উদ্ধার করেছে।
মঙ্গলবার ভোর ৫টা থেকে টানা ৮ ঘন্টা অভিযান চালিয়ে দু’টি ব্রিক ফিল্ড থেকে এই কাঠ উদ্ধার হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিডিআর সূত্র জানায়, ২৬টি ট্রাক বোঝাই এই কাঠের আনুমানিক মূল্য ২২ লাখ ৫০ হাজার টাকা।
কক্সবাজারের ৮ রাইফেল ব্যাটালিয়ন সূত্র জানায়, ইটভাটায় ব্যবহারের জন্য বিপুল পরিমাণ কাঠ মজুদের খবর পেয়ে বিডিআরের একটি দল ভোর ৫টার দিকে রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের বিভিন্ন ইটভাটায় অভিযান চালায়।
দুপুর ১টা পর্যন্ত চলা এই অভিযানে দুটি জায়গায় ২৬টি ট্রাক বোঝাই অবৈধ কাঠ পাওয়া যায়। যার পরিমাণ প্রায় ৪ হাজার ৫০০ ঘনফুট।
বিডিআরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর তামিম আহমদ জানান, গত কয়েকদিন ধরে অবৈধভাবে ইটভাটায় পোড়ানোর জন্য ওই কাঠ মজুদ করা হয়েছিল। বিডিআর সদস্যরা সেখানে পৌঁছার আগেই লোকজন পালিয়ে যায়।
তিনি জানান, আটককৃত কাঠ বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। ইটভাটার মালিকদের বিরুদ্ধে বন আইনে মামলার প্রস্তুতি চলছে।
