২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদত্যাগ করেছেন পাঁচ নির্বাচন কমিশনার

ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মাহফুজুর রহমানসহ পাঁচ নির্বাচন কমিশনার পদত্যাগ করেছেন। আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন বুধবার রাত ৯টা ৫০ মিনিটে টেলিফোনে নফহবংি২৪.পড়স এর কাছে তাদের পদত্যাগের খবর নিশ্চিত করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2007, 08:49 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

পরে সরকার এক তথ্য বিবরণীর মাধ্যমে কমিশনারদের পদত্যাগ করার খবর জানিয়ে বলেছে, পাঁচ নির্বাচন কমিশনার বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদের  কাছে পদত্যাগপত্র পেশ করেন। রাষ্ট্রপতি তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। পদত্যাগকারী অন্য কমিশনাররা হলেন, স ম জাকারিয়া, মাহমুদ হাসান মনসুর, মুদাব্বির হোসেন চৌধুরী ও মোঃ সাইফুল আলম।

এর আগে বঙ্গভবনে দুই ঘন্টা অবস্থানের পর নির্বাচন কমিশনে ফিরেও পদত্যাগ সম্পর্কে মুখ খোলেননি ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মাহফুজুর রহমান। সাংবাদিকদের একের পর এক প্রশ্নের জবাবে তিনি শুধু বলেন, বঙ্গভবন থেকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েই নির্বাচন কমিশনের পুনর্গঠন সম্পর্কে জানানো হবে।

এদিকে কয়েকটি বেসরকারি টেলিভিশন চ্যানেল দুপুর থেকেই পাঁচ নির্বাচন কমিশনারের একযোগে পদত্যাগের খবর প্রচার করতে থাকে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব ফাহিম মুনায়েমের সঙ্গে যোগাযোগ করা হলে বিকেল সোয়া ৫টায় নফহবংি২৪.পড়স কে বলেন, “কমিশনাররা বঙ্গভবনে গিয়েছিলেন, তারা বেরিয়েও এসেছেন। কিন্তু তারা পদত্যাগ করেছেন কিনা তা আমি জানি না।” নির্বাচন কমিশন সচিব আবদুর রশীদ সরকার রাত সাড়ে ৮ টায় নফহবংি২৪.পড়স কে বলেন, “আমি এ বিষয়ে এখনও কিছু জানি না। তাঁদের পদত্যাগের কোনো কাগজপত্র এখনও হাতে পাইনি।”

(আরও তথ্যসহ--৪) 

বঙ্গভবন থেকে ফিরে নির্বাচন কমিশন হয়ে বাসায় ফিরে যাওয়ার সময় এটাই শেষ যাওয়া কিনা এ প্রশ্নের জবাবে আবেগে ভারাক্রান্ত হয়ে পড়েন ভারপ্রাপ্ত সিইসি। ওই সাংবাদিকের উদ্দেশে তিনি বলেন, আপনি কি বোঝেন আপনি কী প্রশ্ন করেছেন? আপনি আমাকে কফিনে তুলে কবরে দিয়ে আসেন।

ভারপ্রাপ্ত সিইসি সাংবাদিকদের কোনো প্রশ্নের সুস্পষ্ট জবাব দেননি। বঙ্গভবন থেকে তাদের কথা বলতে নিষেধ করা হয়েছে কী না -- এ প্রশ্নের উত্তর ছিল, “নো কমেন্ট।”

সাংবাদিকরা তার কাছে জানতে চান, পদত্যাগের প্রশ্নে তিনি কেন রহস্য তৈরি করছেন? মাহফুজুর রহমান বলেন, “হ্যাঁ, রহস্যের জাল রেখেই দিলাম।”

বুধবারই পাঁচ নির্বাচন কমিশনার পদত্যাগ করছেন বলে উপদেষ্টা মইনুল হোসেনের মন্তব্য সম্পর্কে ভারপ্রাপ্ত সিইসিকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “এ বিষয়ে উনাকেই জিজ্ঞেস করুন।”

এছাড়া বঙ্গভবন থেকে ফিরে আরেক নির্বাচন কমিশনার মাহমুদ হাসান মনসুর সাংবাদিকদের বলেন, “পদত্যাগের বিষয়ে এখনই কোনো মন্তব্য করা সমীচীন হবে না। সন্ধ্যায় আপনারা সবই জানতে পারবেন। আর আমি প্রতিদিন সকাল নয়টায় অফিসে আসি, যাই বিকেল পাঁচটায়। আজ তিনটার একটু পরে চলে যাচ্ছি, কাজেই নিজ গুণেই বুঝে নিন।”

এর আগে বেলা ১২ টায় ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মাহফুজুর রহমান এবং অপর দুই নির্বাচন কমিশনার মুদাব্বির হোসেন চৌধুরী ও মো. সাইফুল আলম নির্বাচন কমিশন সচিবালয় থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা  দেন।

অন্য নির্বাচন কমিশনার মাহমুদ হাসান মনসুর নিজ বাসা থেকে সরাসরি বঙ্গভবনে যান।

চার কমিশনার একসঙ্গে বেলা পৌনে দুইটায় বঙ্গভবনে প্রবেশ করেন।

আরেক নির্বাচন কমিশনার স ম জাকারিয়া গত ২১ শে ডিসেম্বর থেকে ছুটিতে আছেন। বুধবারই তার ছুটি শেষ। তিনিও সরাসরি বঙ্গভবনে যান।

কমিশনাররা বেলা একটায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন এবং বিকেল ৩ টা ৪০ মিনিটে পতাকাসহ গাড়ি নিয়ে বের হন। অবশ্য মুদাব্বির হোসেন চৌধুরী ব্যক্তিগত গাড়ি ব্যবহার করায় তার গাড়িতে পতাকা দেখা যায়নি।

এদিকে বিকেল সোয়া ৪ টায় ভারপ্রাপ্ত সিইসি তার সরকারি গাড়ি (ঢাকা মেট্রো খ -- ১২ -- ২৬৭৫) ও পুলিশী নিরাপত্তা কমিশন সচিবালয়ে ফেরত পাঠান।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে কয়েকজন সচিবের নাম আলোচনা করা হচ্ছে বলেও নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

প্রসঙ্গত দেশে জরুরি অবস্থা জারির আগেই বিভিন্ন রাজনৈতিক দল ভারপ্রাপ্ত সিইসিসহ অন্যান্য নির্বাচন কমিশনারদের পদত্যাগের দাবি জানিয়ে আসছিল। নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হওয়ার পর উপদেষ্টা পরিষদ জানায়, নির্বাচন কমিশন পুনর্গঠন করেই নির্বাচনের কাজ হাতে নেওয়া হবে।