চুয়াডাঙ্গা সীমান্তে অর্ধ শতাধিক গুলি বিনিময়
চুয়াডাঙ্গা সীমান্তে সোমবার রাতে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) ও বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এর মধ্যে অর্ধ শতাধিক রাউন্ড গুলি বিনিময়ের খবর পাওয়া গেছে। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
বিডিআর জানায়, দামুড়হুদা উপজেলার বারাদি সীমান্তে রাত সোয়া ১১টার দিকে বিএসএফ বিনা উস্কানিতে সীমান্তের ৮০ ও ৮১ নং মেইন পিলার লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এ সময় বিডিআরও পাল্টা গুলি চালায়। এ সময় উভয়পক্ষে অর্ধশতাধিক রাউন্ড গুলি বিনিময় হলেও হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
বিডিআরের ৩৫ রাইফেলস ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মীর মোতাহার হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে বিএসএফকে লিখিত প্রতিবাদ জানানো হয়েছে।
