'গডফাদার'রা ধরা পড়বেই: নূর মোহাম্মদ
সন্ত্রাসীদের মদদদাতা আর পৃষ্ঠপোষকদের ধরতে দৃঢ়প্রতিজ্ঞ তত্ত্বাবধায়ক সরকার। দায়িত্ব নেওয়ার প্রথম দিনই একথা জানিয়ে দিলেন পুলিশের নতুন প্রধান নূর মোহাম্মদ।
সোমবার রাতে নিয়োগ পাওয়া পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ মঙ্গলবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের বললেন, “জঙ্গি ও সন্ত্রাসীদের গডফাদারদের ধরাই হবে এখন প্রথম কাজ। চুনোপুটি ধরে কখনোই সন্ত্রাস নির্মুল সম্ভব নয়”।
নূর মোহাম্মদ জোর দিয়ে বলেন, কোনো পুলিশ কর্মকর্তা বা কর্মচারী কোনো অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ পেলে এবং তা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন , “গডফাদাররা যখন যেখানেই অবস্থান করুক না কেন প্রত্যেককেই এক এক করে ধরবো।”
সন্ত্রাসীদের ধরার জন্য তালিকা সম্পর্কে নূর মোহাম্মদ বলেন, “কোনো ধরনের রাজনৈতিক প্রভাব না থাকায় মাঠপর্যায় থেকে আসা চিহ্নিত সন্ত্রাসীর তালিকা গুলো অবশ্যই সঠিক হবে।”
তিনি এ ক্ষেত্রেবিভিন্ন গোয়েন্দা সংস্থার তৈরী তালিকার কথা উল্লেখ করেন।
জঙ্গিবাদের উত্থান এবং মদদদাতা হিসেবে জড়িতদের বিরুদ্ধে দেশে প্রচলিত আইনের অধীনে ব্যবস্থা নেওয়া হবে বলে নতুন আইজিপি জানান।
