২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুশরা হত্যা মামলার রায়ে প্রধান আসামীর মৃত্যুদণ্ডাদেশ বহাল

চাঞ্চল্যকর বুশরা হত্যা মামলার রায়ে প্রধান আসামি ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক ত্রাণ বিষয়ক সম্পাদক এম এ কাদেরের মৃত্যুদণ্ড ও তার স্ত্রী রুনু কাদেরের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ বহাল রেখেছে হাইকোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2007, 06:37 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

বিচাপতি মো. ইমান আলী ও বিচারপতি একেএম ফজলুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুশরা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের ওপর সাত দিন শুনানি শেষে সোমবার এ রায় দেন। তিন দিন ধরে রায় প্রদানের কাজ চলে।

অভিযোগ প্রমাণ না হওয়ায় আদালত এম এ কাদেরের শ্যালক ফাঁসির আদেশ পাওয়া মো. শওকত আহমেদ রুহুল ও শেখ কবির আহমেদকে (পলাতক) বেকসুর খালাস দিয়েছে।

২০০০ সালের ১ জুলাই রাতে রাজধানীর ৩নং মালিবাগ চৌধুরী পাড়ার বাসায় সিটি কলেজের ছাত্রী রুশদানিয়া বুশরা ফুলকে ধর্ষণ শেষে হত্যা করা হয়।

এ ঘটনায় বুশরার মা লায়লা ইসলাম পরদিন রমনা থানায় এমএ কাদেরসহ অন্যদের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন।

২০০৩ সালের ৩০ জুন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সরকার আবুল মনসুর আহমেদ এমএ কাদের, শওকত ও কবিরকে মৃত্যুদণ্ড, রুনু কাদেরকে যাবজ্জীবন এবং কাদেরের শ্যালিকা কানিজ ফাতেমা হেনা ও কাজের মেয়ে সুফিয়াকে বেকসুর খালাস দেয়।

হাইকোর্টে আসামী পক্ষে মামলা পরিচালনা করেন সিনিয়র অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও অ্যাডভোকেট মুহাম্মদ মাসুদ উল হক। সরকার পক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি এটর্নি জেনারেল গোলাম কিবরিয়া।

হাইকোর্ট রায়ে বলেছে, ঘটনার রাতে এম এ কাদের ও তার স্ত্রী রুনু কাদের বুশরাদের বাড়িতে উপস্থিত ছিলেন। যারা বাড়িতে উপস্থিত ছিল মামলায় নির্দোষ প্রমাণের দায়িত্ব তাদের ওপর বর্তায়। এমএ কাদের ও রুনু কাদেরের বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের দণ্ড বহাল রাখা হলো। শওকত ও কবিরের অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হলো।

রায় ঘোষণার পর বুশরার মা লায়লা ইসলাম কান্নায় ভেঙে পরে বলেন, “এ রায়ে আমি সন্তষ্ট নই। মূল আসামীরা খালাস পেয়েছে বলে আমি ন্যায়বিচার পাইনি। এ রায়ের বিরুদ্ধে আপিল করব।”

আসামী পক্ষের আইনজীবী মাসুদ উল হক জানিয়েছেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সাজাপ্রাপ্ত দুই আসামী আপিল করবেন।