অষ্টম সংসদের ১৮২ সদস্যের বিরুদ্ধে বিটিটিবির মামলা দায়ের শুরু
বেঁধে দেওয়া সময়ের মধ্যে টেলিফোনের বকেয়া বিল পরিশোধ না করায় অষ্টম জাতীয় সংসদের ১৮২ জন সদস্যের বিরুদ্ধে সোমবার থেকে মামলা করতে শুরু করেছে বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ড (বিটিটিবি)।
এসব সংসদ সদস্যের কাছে বিটিটিবির বকেয়ার পরিমাণ ১ কোটি ২৫ লাখ ৭৫ হাজার ৮৪১ টাকা।
উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী বিটিটিবি টেলিফোন বিল পরিশোধের জন্য ২১০ সাংসদকে রোববার (২৮ জানুয়ারি) পর্যন্ত সময়সীমা বেঁধে দিলে ২৮ জন সাংসদ ৩০ লাখ ৬০ হাজার ৮০৮ টাকা পরিশোধ করেন। এদের মধ্যে সোমবার বিটিটিবির রাজস্ব শাখায় এসে মোহাম্মদ আলী জিন্নাহ (চট্টগ্রাম --১) তার মোট বিল ১ লাখ ৯৭ ৪৬০ হাজার টাকার মধ্যে ৫০ হাজার ও কাজী সলিমুল হক (মাগুরা-২) সম্পূর্ণ বিল পরিশোধ করে দেন।
সময়সীমা পার হয়ে যাওয়ার পর বিলখেলাপিদের বিরুদ্ধে সোমবার থেকে মামলা দায়ের করতে শুরু করেছে বিটিটিবি। একইসঙ্গে পঞ্চম ও সপ্তম সংসদের প্রয়াত ২৩ জন সদস্যের বকেয়া বিল আদায়ের জন্য বিটিটিিিব তাদের ওয়ারিসদের বিরুদ্ধে মামলা করছে। তাদের কাছে পাওনা ৫২ লাখ ৭৩ হাজার ৪৯ টাকা।
বিটিটিবির ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে নফহবংি২৪.পড়স কে বলেন, রাজস্ব--১ শাখা থেকে মুখ্য মহানগর হাকিম আদালতে সোমবার দুটি মামলা করার মধ্য দিয়ে বিলখেলাপিদের বিরুদ্ধে এলাকাভিত্তিক মামলা দায়ের শুরু হয়েছে। ১৪ ফেব্র“য়ারি মধ্যেই সব মামলা দায়েরের কাজ শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি জানান, বিটিটিবি রাজস্ব বিভাগ প্রথম থেকে চতুর্থ সংসদের সদস্যদের বিলের হিসাব নিকাশ ও সমন্বয়ের কাজও প্রায় শেষ করেছে। অবিলম্বে তাদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, এর আগে ১৪ জানুয়ারি বিলখেলাপীদের বিরুদ্ধে মামলা দায়েরের কাজ শুরু হলেও পরে তা পেছানো হয়।
বিটিটিবির রাজস্ব বিভাগের অপর এক কর্মকর্তা জানান, চেয়ারম্যানের কাছে চতুর্থ সংসদের বিলের হিসাব নিকাশ পাঠানো হয়েছে। এখন তাদেরকে এক মাসের নির্ধারিত সময় বেঁধে দিয়ে তাগাদাপত্র পাঠানো হবে।
বিটিটিবি সূত্র মতে, ১৯৭৩ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত প্রথম সংসদের ১২ জন সদস্য মোট ৭৮ হাজার ৪৪২ টাকা টেলিফোনের বিল পরিশোধ করেননি।
১৯৭৯ থেকে ১৯৮২ সাল পর্যন্ত দ্বিতীয় সংসদের ২৯ জন সদস্যের বকেয়ার পরিমাণ ২ লাখ ৫৮ হাজার ৯৭৯ টাকা।
১৯৮৬ সালের স্বল্পমেয়াদি তৃতীয় সংসদের ৫৫ জন সাংসদের বকেয়া ১৩ লাখ ১ হাজার ৮৯৩ টাকা।
এ ছাড়া ১৯৮৮ থেকে ১৯৯০ সাল পর্যন্ত মেয়াদের চতুর্থ সংসদের ১১১ জন সদস্য ১ কোটি ১ লাখ ২৫ হাজার ৬৩৯ টাকা টেলিফোন বিল বাকি রাখেন।
