২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিনমাসের জন্য সব নির্বাচন স্থগিত

জাতীয় সংসদ নির্বাচনসহ সব ধরনের নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। (আরও তথ্যসহ)

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2007, 07:18 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

সংশোধিত ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে ঢাকা--৬ আসনের ভোটার ও রাজারবাগের মোমেনবাগের বাসিন্দা কাজী মামুনুর রশিদের জনস্বার্থে দায়ের করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার আদালত এ নির্দেশ দেয়।

পাশাপাশি বর্তমান সংশোধিত ভোটার তালিকাকে কেন গণপ্রতিনিধিত্ব আদেশ ও সুপ্রিম কোর্টের রায়ের নির্দেশনার পরিপন্থী ঘোষণা করা হবে না তার কারণ দেখাতেও নির্বাচন কমিশনকে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

একই আদেশে সংবিধান, সুপ্রিম কোর্টের নির্দেশনা এবং গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নতুন ভোটার তালিকা, স্বচ্ছ ব্যালট বাক্স ও ভোটার পরিচয়পত্র তৈরির পর নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ কেন দেওয়া হবে না তা নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছে হাইকোর্ট।

বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মামনুন রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দিয়েছেন।

রিটকারী পক্ষে এডভোকেট সৈয়দ মাহমুদ আহসান বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী কোন ভোটার তালিকা না থাকায় ত্র“টিপূর্ণ ভোটার তালিকার ভিত্তিতে নির্বাচন হলে তা অবৈধ হবে। সুপ্রিম কোর্টের রায়ের আলোকে ভোটার তালিকা তৈরী না হওয়ায় ওই তালিকা বাতিল হওয়ায় যোগ্য।

তিনি শুনানিতে আরো বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য ভোটার আইডি কার্ড আবশ্যকীয় হলেও নির্বাচন কমিশন ভোটার আইডি কার্ড তৈরীই করেনি।

রিট আবেদনে বলা হয়, সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী ভোটার তালিকা সংশোধন করা হয়নি। ত্র“টি যুক্ত ভোটার তালিকায় নির্বাচন হলে সেটি হবে অবৈধ।

আবেদনে আরো বলা হয়, বিদ্যমান ভোটার তালিকা ত্র“টিপূর্ণ হওয়ায় নির্বাচন কমিশন গতবছর ৬ অক্টোবর নতুন ভোটার তালিকা প্রনয়নের সিদ্ধান্ত নিলে তার বৈধতা নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে দুইটি রিট মামলা দায়ের করা হয়। 

এছাড়া, ভোটার পরিচয়পত্র তৈরি না হওয়ায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়।