ভোটার পরিচয়পত্র প্রণয়নে বিশেষজ্ঞ কমিটি হতে পারে
ভোটার পরিচয়পত্র প্রণয়নের জন্য আট সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের প্রস্তাব উঠছে উপদেষ্টা পরিষদের সোমবারের বৈঠকে। এ কমিটির প্রধান করা হতে পারে অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীকে।
প্রধান উপদেষ্টার কার্যালয়ে সোমবার সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠেয় পরিষদের বৈঠকের আলোচ্যসূচিতে বিষয়টি থাকবে বলে পরিচয় প্রকাশে অনিচ্ছুক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।
বৈঠকে গ্রহণযোগ্য একটি নির্বাচন করতে এ পর্যন্ত ফখরুদ্দীন আহমদের তত্ত্বাবধায়ক সরকারের নেওয়া পদক্ষেপগুলো পর্যালোচনাও করা হবে বলে উপদেষ্টা পরিষদের একজন সদস্য জানান।
সূত্র জানায়, উপদেষ্টা পরিষদ বিশেষজ্ঞ কমিটি গঠনের অনুমোদন দিলে কমিটির কার্যপরিধি ও সময়সীমাও নির্ধারণ করে দেওয়া হবে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই কমিটি ভোটার পরিচয়পত্র প্রণয়নের বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করে উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করবে।
বৈঠকের আলোচ্যসূচিতে বর্তমান বিদ্যুৎ সংকট নিরসনের বিষয়টিও থাকবে বলে জানা গেছে। এছাড়া চলতি বোরো মৌসুমে ঠিকভাবে সেচ কার্যক্রম পরিচালনার জন্য কীভাবে বিদ্যুতের যথাযথ ব্যবহার করা যায় সে ব্যাপারে আলোচনা হবে।
বিদ্যুৎ সংকট নিরসনে রাজধানীসহ অন্যান্য শহরে বড় বিপণীবিতানগুলোর জন্য বিদ্যুৎ ব্যবহারের সময়সীমা বেঁধে দেওয়ার ব্যাপারে আলোচনা হতে পারে। এছাড়া রাতে সড়কে বাতি জ্বালানোর সময়সীমা এবং দু’পাশের পরিবর্তে সড়কের একপাশে বাতি জ্বালানোর ব্যাপারে সিদ্ধান্ত হতে পারে।
সূত্র জানায়, বিদ্যুৎ সাশ্রয়ে একই দিনে সাপ্তাহিক ছুুটির পরিবর্তে বিভিন্ন শিল্প এলাকার জন্য সপ্তাহের বিভিন্ন দিনে ছুটি নির্ধারণের প্রস্তাব করা হতে পারে।
বর্তমানে বিদ্যুৎ সংকটের একটি বড় কারণ গ্যাসের অপ্রতুলতা। এজন্য বিবিয়ানা গ্যাস ক্ষেত্র থেকে মার্চ থেকে ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবারহের বিষয়টি নিয়ে বৈঠকে আলোচনা করা হবে।
