২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোনো উপদেষ্টাই এককভাবে কমিশন নিয়ে মন্তব্য করতে পারেন না: মনিরুজ্জামান মিঞা

আশানুরূপ কাজ করতে না পারার বিষয়টি আবারও স্বীকার করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বিচারপতি সুলতান হোসেন খান। অবশ্য তিনি নিজেদের ব্যর্থ বলতে রাজি নন। অন্যদিকে, কমিশনার মনিরুজ্জামান মিঞা অভিযোগ করেন, “দুর্নীতি দমন কমিশন নিয়ে একটি বিশেষ মহল রাজনীতি করছে। কোনো উপদেষ্টা এককভাবে কমিশন নিয়ে মন্তব্য করার অধিকার রাখেন না।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2007, 05:24 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

সোমবার দুপুরে নিজেদের দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার তারা দুজনেই দুর্নীতি দমন কমিশন (দুদক) পুনর্গঠন করার ক্ষেত্রে সরকারকে সব রকম সহযোগিতা দেওয়ার কথা পুর্নব্যক্ত করেন।

কমিশন প্রসঙ্গে সুলতান হোসেন খান বলেন, “আমরা আশানুরূপ কাজ করতে পারিনি সত্যি। কিন্তু ব্যর্থ হয়েছি সেটা বলা ঠিক হবে না।”

তিনি বলেন, “কমিশন পূনর্গঠনের স্বার্থে রাষ্ট্রপতি বা প্রধান উপদেষ্টা বললে আমরা চলে যাবো। এটা আঁকড়ে থাকার কোনো বিষয় নয়, যে এখানে থাকতেই হবে।”

অন্যদিকে, দুদকের কমিশনার মনিরুজ্জামান মিঞা বলেন,“কমিশনে আমাদের থাকা না থাকার বিষয়টি বিবেচনা করব সম্মানের মাপকাঠিতে। আমার সততা, নিষ্ঠা এবং অভিজ্ঞতা দিয়ে আমি কমিশনের জন্য কাজ করেছি। এ সম্পর্কে কেউ খারাপ মন্তব্য করলে সেটা মেনে নেব না।”

তিনি বর্তমান সরকার সম্পর্কে বলেন, “এই সরকার বিশাল জনসমর্থন নিয়ে ক্ষমতায় এসেছে। তারা চাইলে আমরা যে কোনো বিষয়েই বিবেচনা করবো।”

 “দুদককে ক্লাউন মুক্ত করতে হবে,” যোগাযোগ উপদেষ্টা মেজর জে. (অব.) এম এ মতিনের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় মনিরুজ্জামান মিঞা বলেন, “তার (মতিন) এই বক্তব্য অশালীন ও অসম্মানজনক। সেনাবাহিনীর একজন কর্মকর্তার মুখ থেকে এ ধরনের বক্তব্য জাতি প্রত্যাশা করে না। আমি আশা করব তিনি তার বক্তব্য প্রত্যাহার করে নেবেন।”