সাপ্তাহিক ছুটি একদিন করার বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব দিন: গীতিআরা
সাপ্তাহিক ছুটি একদিন করার ব্যাপারে সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়ার জন্য এফবিসিসিআইকে অনুরোধ করেছে সরকার। শিল্প, বস্ত্র ও পাট উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী সোমবার দুপুরে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান ।
তিনি বলেন, প্রস্তাব পাওয়ার পর উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সম্প্রতি এফবিসিসিআই সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারের বদলে শুধু রোববার করার দাবি জানায়।
গীতিআরা সাফিয়া চৌধুরী আরো বলেন, প্রয়োজনের কথা বিবেচনা করে তারা নীতিগত বিষয়ে স্বল্পমেয়াদি কার্যক্রম শুরু করেছেন। দীর্ঘ মেয়াদি নীতিগত বিষয়গুলো চিহ্নিত করে কাজ শুরু করলেও তা হয়তো শেষ করা যাবে না।
সুষ্ঠু, অবাধ ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য যা যা প্রয়োজন তার জন্য পুরোদমে কাজ চলছে জানিয়ে তিনি বলেন, এগুলো শেষ হওয়ার পর কাজের ফলাফল জনগণ ও রাজনৈতিক দলগুলোর কাছে তুলে ধরা হবে।
তিনি জোর দিয়ে বলেন, “এসব পরিকল্পনা বাস্তবায়ন এবং নির্বাচনের জন্য যতটুকু সময় লাগবে তার বেশি এক মুহূর্তও ক্ষমতায় থাকবো না”।
এর আগে পাটসূতা, বস্ত্রকল, শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ, বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইল মিলস এন্ড পাওয়ার লুম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা তাদের বিভিন্ন সমস্যা নিয়ে উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরীর সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন।
এসব বৈঠক সম্পর্কে সাংবাদিকদের তিনি বলেন, “সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সমস্যা নিরসনে কী করা যায় তা দেখবো।”
