২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে বৈঠক করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2007, 10:17 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

বেলা সোয়া ১২টা থেকে দেড়টা পর্যন্ত অনুষ্ঠিত সোয়া ঘণ্টার বৈঠকে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ নিয়ে প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে কথা বলেন।

রোববার তথ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। 

বৈঠকে ফখরুদ্দীন আহমদ রাষ্ট্রপতিকে বলেন, তাঁর সরকার দেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ সৃষ্টিতে কাজ করে যাচ্ছে।

এ ছাড়া দেশে সমৃদ্ধ অর্থনৈতিক কর্মকাণ্ড এবং নির্বাচনের ব্যাপারে সাধারণ জনগণের আস্থা অর্জন সম্পর্কেও তাদের মধ্যে আলোচনা হয়। সার এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ প্রসঙ্গ ছাড়াও দুর্নীতি দমন নিয়েও আলোচনা হয় ওই বৈঠকে।

প্রসঙ্গত আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের নির্বাচন বয়কটের ঘোষণার পর ১২ জানুয়ারি ফখরুদ্দীন আহমদ ইয়াজউদ্দিনের কাছ থেকে প্রধান উপদেষ্টার দায়িত্বভার গ্রহণ করেন।