২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় কারওয়ান বাজারসহ ২টি এলাকায় ৭ শতাধিক স্থাপনা উচ্ছেদ

সড়ক ও জনপথ বিভাগ (সওজ) ও ঢাকা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ রোববার আলাদা অভিযান চালিয়ে কারওয়ান বাজার এলাকা ও ঢাকা-- চট্টগ্রাম মহাসড়কের দুইপাশ থেকে সাত শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2007, 09:51 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

এর মধ্যে রাজনৈতিক দলের পাঁচটি কার্যালয় ও বিএনপির সাবেক সাংসদের একটি স্থাপনা রয়েছে।

বিপুল সংখ্যক র্যাব ও পুলিশের সহযোগিতায় সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা সকাল থেকেই দখল উচ্ছেদ অভিযান শুরু করেন। তারা সূত্রাপুর থেকে কাঁচপুর পর্যন্ত ঢাকা-- চট্টগ্রাম মহাসড়কের দুইপাশে নির্মিত প্রায় ২০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। সাংসদ সালাউদ্দিন আহম্মেদের ‘এস ফাউন্ডেশন’ কার্যালয়টি উচ্ছেদ করা হয় কাঁচপুরের কাজলা এলাকায়।

অপর এক অভিযানে ডিসিসি কর্তৃপক্ষ কারওয়ান বাজার পার্ক  অবৈধ দখলদার মুক্ত করেন এবং আওয়ামী লীগ ও বিএনপির পাঁচটি স্থানীয় কার্যালয়, প্রগতি সংঘ ফুটবল ক্লাব এবং মাছ আড়ৎদারদের কার্যালয়টি ভেঙে দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশার উপস্থিতিতে এবং র্যাব ও পুলিশের বিপুল সংখ্যক সদস্যের সহযোগিতায় ডিসিসির লোকজন কারওয়ান বাজারে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করেন।

ডিসিসি ও সড়ক ও যোগাযোগ বিভাগের কর্মকর্তারা জানান, অবৈধ দখলদারদের মধ্যে বেশিরভাগই রাজনৈতিকভাবে প্রভাবশালী ও সন্ত্রাসসহ নানা অপকর্মের সঙ্গে যুক্ত। তাই অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে র্যাব ও পুলিশের সহযোগিতা নেওয়া হয়।