ঢাকায় দূতাবাস খুলছে স্পেন
টেলি যোগাযোগ ও বিদ্যুত খাতসহ বাংলাদেশের বেশ কিছু সম্ভাবনাময় শিল্পে বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে আগামী ছয় মাসের মধ্যে ঢাকায় দূতাবাস খুলছে স্পেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকটি সূত্র রোববার নফহবংি২৪.পড়স --কে জানায়, দূতাবাস খোলার বিষয়ে স্পেন সরকার সম্প্রতি বাংলাদেশকে আশ্বস্ত করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, “স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারি পররাষ্ট্রমন্ত্রী বারনার্দো লিওঁ এবং উপ মহাপরিচালক লুই কালভো বাংলাদেশের রাষ্ট্রদূত আনোয়ারুল আলমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন। সম্প্রতি মাদ্রিদে স্পেনের রাজা হুয়ান কার্লোসের সম্মানে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এ বিষয়ে তারা আলোচনা করেন।”
আনোয়ারুল আলম ২৪ জানুয়ারি ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেনের কাছে সর্বশেষ পরিস্থিতি জানিয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্য এক কর্মকর্তা জানান, পশ্চিম ইউরোপের এই দেশটি বাংলাদেশে টেলিযোগাযোগ, বিদ্যুত উৎপাদন, সড়ক নির্মাণ ও খামার ভিত্তিক প্রকল্পে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী স্পেনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যে বাংলাদেশ এগিয়ে আছে। বাংলাদেশ তৈরি পোশাক, পাট, সিরামিক ও চামড়া রপ্তানি করে স্পেনে। বিনিময়ে আমদানি করে যন্ত্রপাতি ও ভোজ্য তেল।
নব্বই দশকের মাঝামাঝি স্পেনে দূতাবাস খোলে বাংলাদেশ। এখন সেখানে প্রায় ১০ হাজার বাংলাদেশী রয়েছে।
