২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিধিমালা প্রয়োগ হচ্ছে না: সাংবাদিকদের তথ্য উপদেষ্টা

জরুরি ক্ষমতা বিধিমালা ২০০৭’ এ গণমাধ্যম সংক্রান্ত ধারা বাতিলে সাংবাদিকদের দাবির ব্যাপারে তথ্য উপদেষ্টা মইনুল হোসেন বলেছেন, নতুন করে কোনো বিধিমালা জারি করা হয়নি। যা হয়েছে সেটাও প্রয়োগ করা হচ্ছে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2007, 09:08 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

তথ্য মন্ত্রণালয়ে রোববার বিকেলে তথ্য উপদেষ্টার সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে একদল সাংবাদিক বলেন, সরকার ও সংবাদপত্রের সম্পর্কে চির ধরেছে।

জরুরি বিধিমালা নিয়ে সাংবাদিকরা উদ্বেগ প্রকাশ করলে উপদেষ্টা তাদের বলেন,“আপনাদের  উৎকণ্ঠার বিষয়টি প্রধান উপদেষ্টাকে অবহিত করা হবে।”

মতবিনিময় সভায় দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, দৈনিক সংবাদের সম্পাদক বজলুর রহমান, দৈনিক মানব জমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, সাংবাদিক ও কলামিস্ট এবিএম মুসা প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে মইনুল হোসেন বাইরে অপেক্ষমান সাংবাদিকদের বলেন, “আমাদের সরকার জনগণ ও সংবাদপত্রের সহযোগিতা পাচ্ছে। আমি জরুরি আইনের ব্যাখ্যা দিয়েছি।”

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “জারিকৃত বিধিমালার ৫, ৬ ও ৭ ধারা বাতিল করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তবে দরকার হলে অবশ্যই বিষয়টি নিয়ে আমি প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করবো।”

এ সময় ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বলেন, সাংবাদিকদের উৎকণ্ঠার বিষয়টি আমরা তথ্য উপদেষ্টাকে জানিয়েছি।

মতবিনিময়ের সময় এবিএম মুসা বলেন, “সংবাদপত্রের স্বাধীনতা বিপন্ন হয়েছে বলেই আপনারা আমাদেরকে ডেকেছেন। সরকার ও সংবাদপত্রের পারস্পারিক সম্পর্কের মধ্যে চির ধরেছে।” 

বৈঠক সূত্রে জানা গেছে, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, “আপনারই সংবাদপত্রকে বড় শক্তি হিসেবে মন্তব্য করে এমন বিধিমালা জারি করে সেই শক্তির ওপরে আঘাত হেনেছেন। জেল হলেও ৫, ৬ ও ৭ ধারা আমরা মানবো না।”

অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী বলেন, “বিধিমালা এবং প্রধান উপদেষ্টার বক্তব্যের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আমরা প্রহরীর (ওয়াচ ডগ) ভূমিকা পালন করছি। আমাদের অধিকার খর্ব করতে পারেন না।”

দৈনিক সংবাদের সম্পাদক বজলুর রহমান বলেন,“বিধিমালার অপপ্রয়োগ হতে পারে। এটা আমাদেরকে উদ্বিগ্ন করে তুলেছে। দয়া করে তা স্থগিত রাখুন। দেখুন আমরা সেলফ সেন্সরশিপ আরোপ করতে পারি কি না।”

মতবিনিময়ের সময় ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বলেন, “তথ্যের উৎস জানানো, সংবাদপত্র বন্ধের বিধান রেখে আপনারা গণমাধ্যমের স্বাধীনতা জলাঞ্জলি দিয়েছেন।”

দৈনিক মানব জমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেন, “পাকিস্তানে সামরিক শাসন থাকলেও সেখানে সংবাদপত্র পুরোপুরি স্বাধীন। সেই দিক থেকে জরুরি অবস্থার প্রেক্ষিতে আমাদের দেশের সংবাদপত্র কেনো স্বাধীন থাকবে না ?”