সন্ত্রাসী গ্রেপ্তার অভিযান চলবে নতুন তালিকার ভিত্তিতে
জোট সরকারের সময়ে করা সন্ত্রাসীদের তালিকা বাদ দিয়ে নতুন তালিকা করবে সরকার। নতুন এই তালিকার ভিত্তিতেই যৌথবাহিনী সন্ত্রাসী ও গডফাদারদের বিরুদ্ধে অভিযান চালাবে।
এক্ষেত্রে নিরীহ মানুষকে অযথা হয়রানি না করতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার আইন শৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা কমিটির বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়।
বৈঠকে জানানো হয়, টেলিভিশন লাইন্সেস তল্লাশির কোনো নির্দেশ দেওয়া হয়নি। এ ধরনের কোনো ঘটনা ধরা পড়লে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
আইন ও তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে অপর দুই সদস্য উপদেষ্টা এমএ মতিন ও আইয়ুব কাদরী উপস্থিত ছিলেন।
এছাড়া মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), র্যাব, এনএসআই, বিডিআর ও আনসারের মহাপরিচালকসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে যোগ দেন।
আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থার কাছে থাকা তালিকার ভিত্তিতে নতুন একটি তালিকা করে আভিযান পরিচালনার জন্য যৌথবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। কোনো সন্ত্রাসীর নাম একাধিক তালিকায় থাকলে সেটি চিহ্নিত করে অগ্রাধিকারভিত্তিতে তাকে আটকের নির্দেশও দিয়েছে কমিটি।
এ ব্যাপারে ব্যারিস্টার মইনুল হোসেন সাংবাদিকদের বলেন, সন্ত্রাসবিরোধী অভিযানের সময় নিরীহ কেউ যেন হয়রানির শিকার না হয় সেদিকে নজর রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অপ্রয়োজনীয় হয়রানি না করে বড় সন্ত্রাসীদের ধরতে হবে।
বৈঠকে চিহ্নিত সন্ত্রাসী ও গডফাদাররা যাতে জামিন না পায় সে বিষয়ে আলোচনা হয়েছে। এক্ষেত্রে করণীয় সম্পর্কে কোনো সিদ্ধান্ত না হলেও সম্ভাব্য উপায়গুলো খুঁজে বের করার সিদ্ধান্ত নিয়েছে কমিটি।
তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং এটি ধরে রাখতে হবে।
বৈঠক সূত্রে জানা গেছে, টেলিভিশন লাইসেন্স নিয়ে আলোচনার সময় বলা হয় লাইন্সেস তল্লাশির জন্য আইনপ্রয়োগকারী সংস্থাকে কোনো নির্দেশ দেওয়া হয়নি। ক্ষুদ্র একটি অংশ নিজেদের স্বার্থে এসব করছে। এ ধরনের কোনো ঘটনা ধরা পড়লে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
বৈঠকে টেলিভিশন কেনার সময় আজীবন লাইসেন্স প্রদানের বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া যারা টেলিভিশন কেনার পর এখনো লাইসেন্স করেননি তাদের ক্ষমা করে দেওয়ার বিষয়েও আলোচনা হয়। তবে এ সম্পর্কে কোনো সিদ্ধান্ত হয়নি।
বগুড়ায় চুরির আসামীকে থানায় ঝুলিয়ে পেটানোর ঘটনা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়।
সূত্র আরো জানায়, বৈঠকে বলা হয়েছে যত দ্রুত সম্ভব নির্বাচন কমিশন পুনর্গঠন করা হবে। এরপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবে নির্বাচন কমিশন।
বৈঠকে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যাকাণ্ডের তদন্ত ও শনিবার রাতে র্যাবের গাড়িতে বোমা হামলার বিষয়ে আলোচনা করা হয়।
এছাড়া ঢাকায় ট্রাফিক ব্যবস্থাপনা, হকার উচ্ছেদ ও তাদের পুনর্বাসনের উপায় নিয়েও আলোচনা হয়েছে। হকারদের জন্য একটি হলিডে মার্কেট করার সম্ভাবনা খতিয়ে দেখার সিদ্ধান্ত হয়।
বৈঠকে অবৈধ স্থাপনা উচ্ছেদের ফলে গৃহহীনদের পুনর্বাসনের বিষয়ে জোর দেওয়া হয়েছে।
সেখানে জানানো হয়, সীমান্তে সম্প্রতি বিএসএফ ২৫ হাজার সদস্য বাড়িয়েছে। এছাড়া তারা অত্যাধুনিক রাডার ও অস্ত্রশস্ত্র নিয়ে পাহারা জোরদার করেছে। সীমান্ত এলাকায় বাংলাদেশীদের প্রাণহানির ঘটনা বাড়ছে। এসব ঘটনায় বৈঠকে উদ্বেগ প্রকাশ করা হয়।
এছাড়া ডিজেল ও সার পাচার রোধে বিডিআরকে আরো সতর্ক হওয়ার নির্দেশ দেওয়া হয় বৈঠকে।
