২২ জানুয়ারির কারণে শান্তিরক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারতো: ফখরুদ্দীন
প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ বলেছেন, ২২ জানুয়ারির নির্বাচনকে ঘিরে সৃষ্ট রাজনৈতিক সংকটের কারণে বিশ্বে শান্তিরক্ষা বাহিনীতে সশস্ত্র বাহিনীর কার্যক্রম স্থগিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিলো। দাতাগোষ্ঠীর সাহায্যও বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিলো।
রোববার সশস্ত্র বাহিনীর উদ্দেশে এক বক্তৃতায় প্রধান উপদেষ্টা বলেন, “এ পরিস্থিতিতে জরুরি অবস্থা জারি করায় দেশের মানুষ গভীর সংকট ও বিপদ থেকে মুক্তি পায়।”
প্রথমবারের মতো সরকারের পক্ষ থেকে জরুরি অবস্থা জারির নেপথ্য কারণ হিসেবে এসব কথা বলা হলো।
জাতীয় ইস্যুতে ঐক্য রক্ষা রক্ষায় সেনা সদস্যদের অগ্রণী ভূমিকা রাখার আহবান জানিয়ে ফখরুদ্দীন আহমদ যৌথবাহিনীর অভিযানে জনমনে যাতে অযথা ভীতির সঞ্চার না হয় এবং নিরীহ মানুষ যাতে হয়রানির শিকার না হয় তা খেয়াল রাখতে তাদের প্রতি নির্দেশ দেন।
ঢাকা সেনানিবাসে রোববার সকালে দেওয়া বক্তৃতায় তিনি বলেন,“ কিছুসংখ্যক লোকের সীমাহীন লোভ--লালসা, অবৈধ প্রতিপত্তি, দুর্নীতি, কালো টাকা, পেশিশক্তি, দুর্বৃত্তপনার কাছে জাতি জিম্মি হতে পারে না।”
সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশে প্রধান উপদেষ্টার এটাই ছিল প্রথম বক্তৃতা।
সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানের কথা উল্লেখ করে ফখরুদ্দীন বলেন,“ গডফাদার, সন্ত্রাসী, দাগি-অপরাধী, চরম দুর্নীতিবাজ ও কালো টাকার মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। অবৈধ অস্ত্র উদ্ধার ও জঙ্গিদের আটক করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। অবৈধ দখলদার, ভূমি দস্যুদের বিরুদ্ধেও আইনানুগ কার্যক্রম পরিচালিত হচ্ছে।”
তিনি বলেন “যৌথ বাহিনীর এই সাঁড়াশি ও চিরুনি অভিযান সর্বমহলে প্রশংসিত হয়েছে। আমার বিশ্বাস, এসব ব্যবস্থা নেয়ার ফলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। জনমনে নিরাপত্তা বোধ বেড়েছে। অভিযান ও কার্যক্রম ভবিষতে আরো জোরদার করতে হবে।”
সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশে তিনি বলেন “কিন্তু আপনাদের এ কথাও স্পষ্ট মনে রাখতে বলব, অভিযানকালে যেন নিরীহ, নিরাপরাধ ও সাধারণ মানুষ হয়রানির শিকার না হয়, কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। জনমনে যাতে অযথা ভীতির সঞ্চার না হয় সে ব্যাপারেও আপনারা সচেতন ও সতর্ক থাকবেন।”
জনপ্রত্যাশা পূরণে দেশে একটি অবাধ, পরিচ্ছন ও বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তাঁর সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “জাতির উদ্দেশে দেওয়া ভাষণে আমি এ ক্ষেত্রে সরকারের কর্মপরিকল্পনার উলে−খ করেছি। আমার বিশ্বাস, এসব কর্মপরিকল্পনা বাস্তবায়নে সশস্ত্র বাহিনীর প্রত্যেক কর্মকর্তা ও সদস্য সক্রিয় সমর্থন ও পূর্ণ সহযোগিতা দেবেন। পালন করবেন নিরপেক্ষ ভূমিকা।”
তিনি আশা প্রকাশ করে বলেন “দেশের সকল দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠানে আপনারা সর্বোচ্চ কর্তব্যনিষ্ঠা, আন্তরিকতা, একাগ্রতা ও দেশপ্রেমের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালন করবেন।
তিনি বলেন,“ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, বিদ্যুৎ সংকট, সার ও ডিজেলের নিরবচ্ছিন্ন সরবরাহসহ বিভিন্ন সংকট ও পরিস্থিতি মোকাবেলায় সশস্ত্র বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় ইতোমধ্যেই ইতিবাচক ফল এসেছে।”
এসব ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর ভূমিকা আরো কার্যকর ও জোরদার করারও আহ্বান জানান তিনি।
ড. ফখরুদ্দীন আহমদ স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা, অসামান্য অবদান এবং চরম ত্যাগ ও তিতিক্ষার কথা স্মরণ করে বলেন, জাতি চিরদিন গভীর ভাবে মনে রাখবে এ কথা।
