সাতক্ষীরায় সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক আহত
দৈনিক “সাতক্ষীরা চিত্র” সম্পাদক আনিসুর রহিমকে কুপিয়ে আহত করেছে একদল সন্ত্রাসী।
শনিবার রাত সাড়ে বারোটায় শহরের সুলতানপুর পালপাড়ার কাছে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে।
জানা গেছে, শহরের পালপাড়ায় ছিনতাই হচ্ছে শুনে আনিসুর রহিম দৈনিক “সাতক্ষীরা চিত্র” অফিস থেকে একজন সঙ্গীসহ রিক্সা যোগে ঘটনাস্থলে যান। রাত সাড়ে বারটায় পালপাড়ার মোড়ে পৌঁছালে সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। রাতে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
তার দুই হাত ও পিঠ ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছে বলে হাসপাতাল সুত্রে জানা গেছে।
রাতেই সাতক্ষীরার পুলিশ সুপার মির্জা আব্দুল্লাহ হেল বাকীর নির্দেশে সদর থানার পুলিশ সুলতানপুর গ্রামে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মারুফ হাসান মিঠুর ভাই সাইদুল হাসান লিটু ও একই গ্রামের মৃত এনছার কবিরাজের পুত্র আব্দুস ছাত্তারকে গ্রেপ্তার করে।
সদর থানার এস আই বাবুল আখতার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে। দুই জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। বাকীদের ধরার চেষ্টা চলছে।
