ওয়াহিদুল হক স্মরণে
জ্যোতির্পদার্থবিজ্ঞানী হিসেবে আন্তর্জাতিক খ্যাতি আছে অধ্যাপক জামাল নজরুল ইসলাম-এর । ওয়াহিদুল হক তাঁকে পছন্দ করতেন। নফহবংি২৪.পড়স এর অনুরোধে ওয়াহিদুল হক সম্পর্কে এই লেখা লেখেন তাঁর মৃত্যুর কয়েক ঘন্টা পর শনিবার রাতে --- “বিজ্ঞানের আধুনিক অগ্রগতি সম্পর্কে তাঁর বেশ ভাল পড়াশুনা এবং আগ্রহ ছিল। মহাবিশ্ব সম্পর্কে বিজ্ঞানীদের সর্বশেষ কী মতামত সেটা তিনি জানতে চাইতেন। ওয়াহিদ ভাই সম্পর্কে উপরোক্ত কথাগুলো সর্বদা আমার স্মরণে থাকবে।”
ওয়াহিদ ভাইয়ের পরলোক গমনের কথা শুনে আমি দু:খিত ও মর্মাহত হয়েছি। কিছুদিন আগে ওনার পাশে বসে চট্টগ্রামের থিয়েটার ইন্সস্টিটিউটে রবীন্দ্র সঙ্গীতের অনুষ্ঠান শুনছিলাম ( যেটার সঙ্গে উনি জড়িত ছিলেন)। ঠিক তখনই ওনার মোবাইলে কবি শামসুর রাহমানের মৃত্যুর খবর আসলো। শামসুর রাহমানের সঙ্গে আমার পরিচয় ছিল না; ওয়াহিদ ভাই তাঁর সম্পর্কে অনেক কথা বললেন।
ওয়াহিদুল হক একজন নিবেদিতপ্রাণ রবীন্দ্র সঙ্গীত শিল্পী ও শিক্ষক ছিলেন; এটা সবাই জানে। রবীন্দ্র সঙ্গীত সম্পর্কে ওনার নির্দিষ্ট একটি দৃষ্টিকোণ ছিল এবং শিক্ষার পদ্ধতিও মোটামুটি ওনার নিজস্ব ছিল। এটা স্বাভাবিক যেকোনো একজন বিশিষ্ট শিল্পী নিজের মনের মত তাঁর শিল্প ও ছাত্রছাত্রীদের গড়ে তুলবেন। অনুরূপ বিভিন্ন গোষ্ঠীতে যেমন আকর্ষণীয় দিক থাকে, কিছু অসম্পূর্ণতা থাকাও স্বাভাবিক। আমরা আশা করবো দেশের বিভিন্ন শিল্পীবৃন্দ ও গোষ্ঠী পরস্পরকে ‘সম্পূরক’ এর দৃষ্টিকোণ থেকে দেখে সমন্বয়ের মনোভাব নিয়ে আমাদের শিল্পকলা ও সংস্কৃতির উন্নতি সাধন করবেন। এটা আমাদের সমাজের অগ্রগতির জন্য নেহাত প্রয়োজন। এই ধরনের গুরুত্বপূর্ণ কর্মসূচিতে ওয়াহিদ ভাই এর অনুপস্থিতি একটি অপূরনীয় শূণ্যতার সৃষ্টি করেছে।
ওয়াহিদ ভাইয়ের সঙ্গে আমার পরিচয় ঘনিষ্ট ছিল না , যদিও তাঁর সঙ্গে আরও আলাপ করবার ইচ্ছা ছিল। গত কয়েক বছর যখনই তাঁর সঙ্গে দেখা হয়েছে তিনি আন্তরিকতা নিয়ে আমার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেছেন, বিশেষ করে বিজ্ঞান সম্পর্কে। বিজ্ঞানের আধুনিক অগ্রগতি সম্পর্কে তাঁর বেশ ভাল পড়াশুনা এবং আগ্রহ ছিল। মহাবিশ্ব সম্পর্কে বিজ্ঞানীদের সর্বশেষ কী মতামত সেটা তিনি জানতে চাইতেন। ওয়াহিদ ভাই সম্পর্কে উপরোক্ত কথাগুলো সর্বদা আমার স্মরণে থাকবে। তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি রইল আমার আন্তরিক সহানুভূতি।
