২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলিস্তানে পুলিশ বক্সের কাছে বোমা হামলা, আহত ৬

রাজধানীর গুলিস্তানে সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের কাছে শনিবার সন্ধ্যায় একটি বোমা হামলায় ছয়জন গুরুতর আহত হয়েছেন। সন্ধ্যা সাড়ে সাতটায় বিস্ফোরণ ঘটলে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ, র্যাব ও সেনা সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। রাত ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত হামলার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2007, 11:10 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

আহতরা হচ্ছেন সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের হেলপার মোহাম্মদ মিলন (১৪), পাবলিক টয়লেট অ্যাটেনডেন্ট আব্দুল আজিজ, রিকশা চালক নাসিরুদ্দিন, হকার আবুল বাসার, আদমজী ইপিজেডের প্রকৌশলী আব্দুর রশিদ এবং পথচারী খায়রুল হাসান।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ডিএমপি পুলিশ কমিশনারসহ পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা হাসপাতালে আহতদের দেখতে যান।

হকার আবুল বাসার হাসপাতালে সাংবাদিকদের বলেন, “আমি পাবলিক টয়লেট থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই বোমাটি বিস্ফোরিত হয়। তারপর আর কিছু জানি না।”

ডান পায়ে আঘাতপ্রাপ্ত মিলন জানান, একজন অপরিচিত লোক বোমাটি ছুড়ে মারে। 

বুকে আঘাতপ্রাপ্ত আব্দুল আজিজ বলেন, “বোমাটি পাবলিক টয়লেট এবং পুলিশ বক্সের মাঝখানে বিস্ফোরিত হয়। আমি বুঝতে পারিনি বোমাটা সেখানে রাখা ছিল না ছোড়া হয়েছিল।”